পুলিশের চোখে ‘ফেরার’, অথচ ইফতারের আয়োজক সোনা পাপ্পু! মেয়রের নাম ছাপিয়ে কসবায় বিলি হচ্ছে কার্ড

পুলিশ হন্যে হয়ে খুঁজছে, অথচ তিনি দিব্যি ইফতার পার্টির আয়োজন করছেন! কাঁকুলিয়া গুলি-বোমা কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে ঘিরে ফের উত্তাল কলকাতার রাজনীতি। আগামী ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ‘বোসপুকুর পশ্চিমপাড়া ইদ কমিটি’-র পক্ষ থেকে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার সভাপতি খোদ সোনা পাপ্পু। অথচ পুলিশের খাতায় তিনি দীর্ঘদিন ধরে ‘নিখোঁজ’।
ভিআইপি অতিথিদের তালিকা:
আশ্চর্যের বিষয় হলো, এই ইফতার পার্টির নিমন্ত্রণপত্রে প্রধান অতিথি হিসেবে নাম রয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায় এবং মন্ত্রী জাভেদ আহমেদ খানের। এমনকি তাঁর ‘ত্রাতা’ হিসেবে পরিচিত বৈশ্বানর চট্টোপাধ্যায়ের নামও রয়েছে তালিকায়। কসবা থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
ফোন কল ও ভিডিও শ্যুট:
এলাকা সূত্রে খবর, সোনা পাপ্পু নিজেই নেতা-কর্মীদের ফোন করে এই ইফতার পার্টির নির্দেশ দিচ্ছেন। এমনকি অনুষ্ঠানের প্রচারের জন্য একটি ভিডিও তৈরি করা হয়েছে, যা সোনা পাপ্পু ফোনে কথা বলে সুনিশ্চিত করেছেন। বিরোধীদের প্রশ্ন— যে ব্যক্তিকে পুলিশ খুঁজে পাচ্ছে না, তিনি কীভাবে প্রকাশ্যে ইফতারের পরিকল্পনা করছেন? রাজনৈতিক চাপেই কি পুলিশ হাত গুটিয়ে রয়েছে? এই ঘটনায় মুখ পুড়ছে লালবাজারের।