গ্যাসের জোগানে টান, হেঁশেল বাঁচাতে রেশনে ফিরছে কেরোসিন! লিটার প্রতি দাম হবে বাজারদরের অর্ধেক

রাজ্যে রান্নার গ্যাসের জোগান নিয়ে উদ্বেগ বাড়ছে। শহরে ২৫ দিন এবং গ্রামে ৪৫ দিনের ব্যবধানে গ্যাস বুকিংয়ের কড়া নিয়মে বিপাকে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বিকল্প জ্বালানি হিসেবে কেরোসিনের চাহিদা তুঙ্গে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। খোলা বাজারে যেখানে এক লিটার কেরোসিনের দাম ১০০ টাকা ছাড়িয়েছে, সেখানে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের সুরাহার জন্য রেশন দোকানে কেরোসিন ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

রেশনে কত দামে মিলবে কেরোসিন?
জানা গিয়েছে, খোলা বাজারের তুলনায় রেশন দোকানে প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ কম দামে মিলবে এই তেল। লিটার প্রতি কেরোসিনের দাম রাখা হয়েছে ৫১.৯৩ টাকা থেকে ৫৫ টাকার মধ্যে। ইতিমধ্যেই রাজ্যগুলির জন্য অতিরিক্ত ৪০ হাজার কিলো লিটার কেরোসিন বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। আগামী কয়েক দিনের মধ্যেই রেশন দোকানগুলি থেকে এই বণ্টন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

কেন এই সিদ্ধান্ত?
পরিবেশ দূষণের কারণ দেখিয়ে রেশনে কেরোসিন একপ্রকার বন্ধই ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানি তেলের বিশ্ববাজার অস্থির হওয়ায় ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’-এর আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী ও পেট্রোলিয়াম মন্ত্রী এই নির্দেশ দেন। রেশন ডিলারদের দাবি, গ্যাসের চড়া দামের এই সময়ে কেরোসিনের এই জোগান যেন সাময়িকভাবে বন্ধ না করে স্থায়ীভাবে চালু রাখা হয়।