রাইটার্স বিল্ডিংয়ে রান্নাবান্না বন্ধের মুখে! ২ হাজারের বাণিজ্যিক গ্যাস ৫৪০০ টাকা, অগ্নিমূল্য জ্বালানিতে ধুঁকছে মহাকরণ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকটের অন্ধকার এবার ঘনিয়ে এল কলকাতার প্রশাসনিক ও শিক্ষা কেন্দ্রে। বাণিজ্যিক গ্যাসের আকাল এতটাই তীব্র যে, রাইটার্স বিল্ডিংয়ের ঐতিহ্যবাহী ক্যান্টিনটি যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। ক্যান্টিন কর্মী পার্থ দে ও তপন মাইতি জানাচ্ছেন, যে সিলিন্ডারের দাম ২ হাজার টাকা, তা এখন কালোবাজারে ৫৪০০ টাকায় কিনতে হচ্ছে। তিনগুণ বেশি দামে জ্বালানি কিনে পরিষেবা সচল রাখা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

ছোট হয়ে আসছে মেনু:
গ্যাসের অভাবে রান্নার পরিমাণও কাটছাঁট করা হয়েছে। মহাকরণের ক্যান্টিনে আগে যেখানে মাছ-মাংসের বাহারি পদ থাকত, এখন সেখানে কোনোমতে এক-দুটি তরকারি আর ডিম-রুই মাছ দিয়ে কাজ চালানো হচ্ছে। মাটন বা হরেক পদের তরকারি এখন অতীত।

বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিন:
একই ভয়াবহ পরিস্থিতি কলকাতার অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান IISWBM-এ। সেখানে গ্যাসের অভাবে গত তিন দিন ধরে ক্যান্টিন বন্ধ। নোটিশ টাঙিয়ে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, পরিষেবা দেওয়া সম্ভব নয়। ফলে বিপাকে পড়েছেন পড়ুয়ারা। ঘরোয়া খাবার না পেয়ে অনেকেই বাড়ি থেকে টিফিন আনছেন বা বাইরের দোকানে ভিড় করছেন। সব মিলিয়ে জ্বালানি সংকট এখন শহরবাসীর রোজকার পাতে টান দিচ্ছে।