দিল্লিতে চূড়ান্ত হচ্ছে ১৫০ প্রার্থীর নাম, তার আগেই খড়গপুরে হুঙ্কার দিলীপের! কী চলছে গেরুয়া শিবিরের অন্দরে?

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক যখন মাঝপথে এবং প্রায় ১৫০ প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার পথে, ঠিক তখনই ঘরের মাঠে নিজের সক্রিয়তা বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালে খড়গপুরে চেনা মেজাজে ‘চা চক্রে’ যোগ দেন তিনি। তবে শুধু চা-চক্রই নয়, এরপর সরাসরি তুলি হাতে নিয়ে দেওয়াল লিখনও শুরু করেন বিজেপি-র এই প্রভাবশালী নেতা। আর এই দেওয়াল লিখন ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন— তবে কি হিরণ চট্টোপাধ্যায়কে সরিয়ে খড়গপুরের প্রার্থী হতে চলেছেন দিলীপ ঘোষ?
কেন এই জল্পনা?
গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু বিধানসভা ভোটের সময় থেকে খড়গপুর সদরের বিধায়ক হিসেবে হিরণ চট্টোপাধ্যায় নিজের মাটি শক্ত করতে শুরু করেন। কিন্তু সাম্প্রতিককালে খড়গপুর সদরে দিলীপ ঘোষের এই অতি-সক্রিয়তা এবং দেওয়াল লিখনের ছবি সামনে আসতেই প্রশ্ন উঠছে, তবে কি দল এবার হিরণকে সরিয়ে পুরনো সেনাপতিকেই ফের ময়দানে নামাচ্ছে? যদিও দিলীপ ঘোষের দাবি, দেওয়াল লিখন দলের রুটিন কর্মসূচি, তবে তাঁর শরীরী ভাষা বলছে অন্য কথা।