শেষ ২ ম্যাচে ১০ গোল! বাগান ঝড়ে কি কুপোকাত হবে সুনীলরা? রণকৌশল নিয়ে মুখ খুললেন লোবেরা

নিজেদের চেনা ছন্দ বজায় রেখে ইন্ডিয়ান সুপার লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। টানা চারটি ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার পর এবার সার্জিও লোবেরার দলের সামনে কঠিন চ্যালেঞ্জ— বেঙ্গালুরু এফসি। সল্টলেকের চেনা গ্যালারি ছেড়ে এবার কান্তিরাভা স্টেডিয়ামের প্রতিকূল পরিবেশে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। শেষ দুটি ম্যাচে মহামেডান এবং ওডিশার বিরুদ্ধে ১০ গোল করে মোহনবাগান বুঝিয়ে দিয়েছে যে তারা কেন লিগের অন্যতম দাবিদার।
লড়াই যখন কঠিন:
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কোচ সার্জিও লোবেরা জানান, “গত ম্যাচগুলির পারফরম্যান্স নিয়ে আমি খুশি, কিন্তু ফুটবলে বর্তমানটাই সব। আমাদের এই কঠিন ম্যাচটির দিকেই এখন গুরুত্ব দিতে হবে। সমর্থকদের সামনে না খেলাটা চ্যালেঞ্জিং, তবে ট্রফি জিততে হলে কঠিন বাধা পেরোতেই হবে।” বেঙ্গালুরুর ঘরের মাঠে জয় পাওয়া যে সহজ নয়, তা একবাক্যে মেনে নিয়েছেন এই স্প্যানিশ কোচ।
রবিনহোকে নিয়ে জল্পনা:
দলের প্রাণভোমরা রবসন রবিনহো খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন লোবেরা। তিনি জানান, শেষ মুহূর্তের অনুশীলনের পরেই রবিনহোকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, মাঝমাঠের জেনারেল অনিরুদ্ধ থাপা সাফ জানিয়েছেন, কোনো নির্দিষ্ট ফুটবলার নয়, বরং পুরো বেঙ্গালুরু দলকে রুখতেই নীল-নকশা তৈরি করছেন তাঁরা। কোনো বিশেষ ব্যক্তির জন্য নয়, দলগত সংহতিতেই জয় আসবে বলে আত্মবিশ্বাসী বাগান শিবির।