পঞ্চম সুরে ত্রিকোণ প্রেম! অঙ্গনার মন জিততে লড়াইয়ে আদৃত ও নীল, বড় পর্দায় ফিরছে আরডি-র জাদু

রাহুল দেব বর্মন মানেই একটা জাদু, একটা গভীর নস্ট্যালজিয়া। সেই ‘পঞ্চম’ দার জনপ্রিয় আটটি আইকনিক গানকে থিম করে এবার বাংলা সিনেমায় ফিরছে মিউজিক্যাল রোম্যান্স। আশিস কুমার পরিচালিত নতুন ছবি ‘ফিরে এসো অনুরাধা’-র হাত ধরে বড় পর্দায় ফিরবে হারানো সময়ের সুর। ছবির মূল গল্প আবর্তিত হয়েছে রাহুল, দেব ও বর্মণ— এই তিন বন্ধুকে কেন্দ্র করে। তারা যেমন একই শহরে বড় হয়েছে, তেমনই তারা তিনজনেই আরডি বর্মনের অন্ধ ভক্ত। তবে বন্ধুত্বের জমাট সমীকরণ বদলে যায় যখন তাদের জীবনে ‘অনুরাধা’ নামে এক তরুণীর প্রবেশ ঘটে।
পর্দায় তারকার মেলা:
এই ছবির সবথেকে বড় আকর্ষণ হলো ছোট পর্দার তিন জনপ্রিয় হ্যান্ডসাম হিরোর উপস্থিতি। রাহুল-এর চরিত্রে দেখা যাবে নীল ভট্টাচার্যকে, দেব-এর চরিত্রে অভিনয় করবেন আদৃত রায় এবং বর্মণ-এর চরিত্রে থাকছেন জন ভট্টাচার্য। অনুরাধা চরিত্রটি যেন আরডি-র গান থেকেই উঠে আসা এক মানবী, যেখানে অভিনয় করছেন অঙ্গনা রায়। ছবির বিশেষ চমক হিসেবে থাকছেন রাইমা সেন। জানা গিয়েছে, আরডি বর্মনের কালজয়ী গান ‘মনে পড়ে রুবি রায়’-এর সেই রুবি রায়ের ছোঁয়াতেই তৈরি হয়েছে রাইমার চরিত্রটি। এছাড়াও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে অভিনেতা বিশ্বনাথ বসুকে।
পরিচালকের অভিষেক:
বিজ্ঞাপনের জগতে দীর্ঘ দুই দশক মুম্বইয়ে কাজ করার পর এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে টলিউডে পা রাখছেন আশিস কুমার। তিনি জানান, আরডি-র গানকে মাথায় রেখেই এই মিউজিক্যাল ফিল্মের গল্প সাজানো হয়েছে। মিঠাই-এর পর আদৃতের বড় পর্দার এই ইনিংস এবং নীলের ফ্রেশ অবতার নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে অনুরাগী মহলে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে এই মিউজিক্যাল ড্রামার শুটিং। আরডি-র গানের ম্যাজিক আর নতুন প্রজন্মের ত্রিকোণ প্রেম— সব মিলিয়ে ‘ফিরে এসো অনুরাধা’ দর্শকদের মনে কতটা জায়গা করে নেয়, সেটাই এখন দেখার।