ডিএ ধর্মঘটে অচল কলকাতা হাইকোর্ট! এজলাসে একা প্রধান বিচারপতি, হাহাকার আইনজীবীদের!

বকেয়া মহার্ঘ ভাতার (DA) দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘটে আজ কার্যত স্তব্ধ হয়ে গেল কলকাতা হাইকোর্ট। শুক্রবার সকাল থেকেই আদালতের মূল বি-গেটের বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখান সরকারি কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, খোদ প্রধান বিচারপতি সুজয় পাল এজলাসে উপস্থিত থাকলেও দেখা মিলল না মামলাকারীদের আইনজীবীদের। এমনকি অনুপস্থিত ছিলেন কোর্ট অফিসাররাও।
আদালত সূত্রে খবর, আজ হাইকোর্টে আইনজীবীদের উপস্থিতির হার ছিল নগণ্য। যারা এসেছেন, তাদের মধ্যেও অধিকাংশ কর্মবিরতি পালন করছেন। গতকালই বার অ্যাসোসিয়েশন এই ধর্মঘটকে সমর্থন জানানোর ফলে অচলাবস্থা আরও জোরালো হয়েছে। প্রধান বিচারপতি জানিয়েছেন, দু’পক্ষের আইনজীবী উপস্থিত থাকলে তবেই তিনি মামলা শুনবেন। কিন্তু আইনজীবীদের অনুপস্থিতিতে কার্যত কোনও মামলাই আজ এগোতে পারেনি। প্রধান বিচারপতিকে সাহায্য করতে তাঁর আপ্ত সহায়কদের এগিয়ে আসতে দেখা যায়।
আদালতের পাশাপাশি আজ উত্তেজনা ছড়িয়েছে খাদ্যভবনেও। সেখানে বনধ সমর্থক এবং বিরোধীদের মধ্যে হাতাহাতি ও পাল্টা স্লোগানে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সরকারি কর্মী ও শিক্ষক সংগঠনের ডাকা এই ধর্মঘটে আজ রাজ্যজুড়েই ব্যাপক প্রভাব পড়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ আগামী ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার ফের শীর্ষ আদালতে আবেদন জানিয়ে সেই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আর্জি জানিয়েছে। সরকারের এই ‘টালবাহানা’র বিরুদ্ধেই আজ পথে নেমেছেন কর্মীরা। ডিএ জট না কাটলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।