হিরণ আউট, ফিরছেন দিলীপ ঘোষ? বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় ‘আদি’ বনাম ‘নব্য’ লড়াই

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলার প্রথম দফার প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। জেপি নাড্ডা, বিপ্লব দেবের উপস্থিতিতে এই বৈঠকে রাজ্য থেকে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্যের মতো শীর্ষ নেতারা। সূত্রের খবর, প্রায় তিন ঘণ্টা ব্যাপী এই বৈঠকে ১৫০টি আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।
এবারের তালিকায় সবচেয়ে বড় চমক হতে পারে খড়গপুর আসন। সূত্রের খবর, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের পরিবর্তে তাঁর খাসতালুক খড়গপুরেই ফের প্রার্থী হতে পারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২০১৬ সালে এই আসন থেকেই বিধায়ক হয়ে সংসদীয় রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল তাঁর। অন্যদিকে, বর্তমান বিধায়কদের অধিকাংশকেই পুনরায় টিকিট দেওয়ার সম্ভাবনা থাকলেও, ‘নব্য’দের তুলনায় এবার ‘আদি’ কর্মীদের ওপর বেশি ভরসা রাখছে গেরুয়া শিবির। প্রার্থী পদ নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ জানান, “দল যাকে ঠিক করবে আমরা তাকেই জেতাবো।” অন্যদিকে হিরণ জানিয়েছেন, দলের পক্ষ থেকে তাঁকে এখনও কিছু জানানো হয়নি।
আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা সফরে আসছেন। রাজনৈতিক মহলের ধারণা, প্রধানমন্ত্রীর সফরের পরেই অথবা সফরের মধ্যেই প্রথম দফার এই তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বৈঠকের পর স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁদের মূল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অগণতান্ত্রিক’ শাসন ব্যবস্থার অবসান ঘটানো। যোগ্য ও রণকৌশলে পটু প্রার্থীদের লড়াইয়ে নামিয়েই এবার নবান্ন দখল করতে মরিয়া পদ্ম শিবির।