“জনগণের ক্ষতি করছে বিরোধীরা!” এলপিজি সংকট নিয়ে দিল্লিতে সরব প্রধানমন্ত্রী মোদী

উপসাগরীয় বা গাল্ফ অঞ্চলে যুদ্ধের জেরে তৈরি হওয়া রান্নার গ্যাসের (LPG) সংকট মেটাতে ভারত সরকার যে সমস্ত রকম পদক্ষেপ করছে, তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে আয়োজিত ‘নেক্সট (NXT) সামিট ২০২৬’-এ ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, বিশ্বজুড়ে চলা এই অস্থিরতা ভারতের সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলছে ঠিকই, কিন্তু সরকার বিকল্প পথ খুঁজে বের করতে বিশ্ব নেতাদের সঙ্গে নিরন্তর আলোচনা চালাচ্ছে। এই পরিস্থিতিতে যারা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, প্রধানমন্ত্রী তাদের কড়া সমালোচনা করেছেন।
বিরোধীদের নিশানা করে মোদী বলেন, “সংকটের সময়ে যারা নিজেদের রাজনৈতিক অ্যাজেন্ডা চালাচ্ছে, তারা দেশের বড় ক্ষতি করছে এবং এর ফলে জনগণের সামনে তাদের মুখোশ খুলে যাচ্ছে।” প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, গাল্ফ সংকটের সুযোগ নিয়ে যারা এলপিজি সিলিন্ডারের কালোবাজারি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশ্বস্ত করেন যে, ভারত শীঘ্রই এই সরবরাহ বাধা কাটিয়ে উঠবে।
জ্বালানি ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গত ১১ বছরে ইথানল ব্লেন্ডিংয়ের মাধ্যমে ভারত প্রায় ১৮ কোটি ব্যারেল তেল আমদানির খরচ বাঁচাতে পেরেছে। এর ফলে দেশের প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে মনে করিয়ে দেন, ভারত যেভাবে ঐক্যবদ্ধভাবে কোভিড সংকট মোকাবিলা করেছিল, ঠিক সেভাবেই এই বর্তমান বিশ্ব জ্বালানি সংকটও কাটিয়ে উঠতে সক্ষম হবে।