মধ্যপ্রাচ্যে আগুনের বৃষ্টি! ৭ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ৪৪ দফায় মিসাইল হামলা, কাঁপছে বিশ্ব

পশ্চিম এশিয়ার আকাশ এখন শুধুই বারুদের গন্ধে ভারী। ইরান ও মার্কিন-ইজরায়েল জোটের মধ্যকার সংঘাত আজ দ্বিতীয় সপ্তাহে পা রাখল। আজ শুক্রবার ইরানের অজ্ঞাত স্থান থেকে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ধেয়ে এসেছে একের পর এক ঘাতক ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধের ১৪ দিনের মাথায় এটি ছিল ইরানের ৪৪তম দফার ক্ষেপণাস্ত্র হামলা, যা রণক্ষেত্রের চিত্রকে আরও ভয়াবহ করে তুলেছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ইরানের এই বিধ্বংসী মিসাইলগুলো কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরাইন, সৌদি আরব, জর্ডান এবং খোদ ইজরায়েলের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। হামলার পরপরই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং সক্রিয় হয়ে ওঠে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। ক্ষেপণাস্ত্রগুলো রুখে দিতে ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহারের খবর পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে উদ্বেগ বাড়ছে।
ইরানের সামরিক কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’-এর মুখপাত্র সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে জানিয়েছেন, যদি ইরানের কোনো জ্বালানি পরিকাঠামো বা বন্দরে আঘাত হানা হয়, তবে তারা পুরো অঞ্চলের তেল ও গ্যাস শিল্পে “আগুন ধরিয়ে দেবে”। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সংকটের চরম আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারি জানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়ে বলেছেন, “যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু কয়েকটি টুইট করে যুদ্ধ জেতা যায় না।” ট্রাম্পের ‘দ্রুত জয়’-এর দাবিকে নস্যাৎ করে দিয়ে রণক্ষেত্রের বাস্তব পরিস্থিতি এখন চরম অনিশ্চয়তার দিকে এগোচ্ছে, যা দেখে আন্তর্জাতিক মহলের আশঙ্কা—এই সংঘাত যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে।