পাক ক্রিকেটারকে কেনা নিয়ে বিতর্কে কাব্যা মারান! সানরাইজার্স লিডসের অফিসিয়াল অ্যাকাউন্ট কি ‘সাসপেন্ড’?

ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ (The Hundred 2026) লিগের নিলাম ঘিরে বৃহস্পতিবার এক নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। মেধার ভিত্তিতে ক্রিকেটার নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে পাকিস্তানের ‘মিস্ট্রি স্পিনার’ আব্রার আহমেদকে দলে নিয়েছে সানরাইজার্স লিডস। কিন্তু এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে প্রবল সমালোচনার মুখে পড়লেন ফ্র্যাঞ্চাইজি মালকিন কাব্যা মারান।

বিতর্কের মূলে কী?
আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের মালিকানাধীন সংস্থাই গত বছর নর্দার্ন সুপারচার্জার্সের মালিকানা কিনে তার নাম রেখেছে সানরাইজার্স লিডস। নিলামে হেড কোচ ড্যানিয়েল ভেট্টোরির উপস্থিতিতে আব্রার আহমেদকে ২.৫৫ লক্ষ মার্কিন ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৩৫ লক্ষ টাকা) কেনে এই দল। এর পরেই নেটাগরিকরা পুরনো একটি ঘটনার স্মৃতি উসকে দিয়ে প্রতিবাদ শুরু করেন। অভিযোগ, ২০১৯-এর বালাকোট এয়ারস্ট্রাইকের সময় ধৃত ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ব্যঙ্গ করে সোশাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন আব্রার।

এক্স হ্যান্ডল সাসপেন্ড
বিতর্ক আরও বাড়ে যখন দেখা যায় সানরাইজার্স লিডসের অফিসিয়াল এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্টটি আচমকা ‘সাসপেন্ড’ করে দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘনের কারণে এই পদক্ষেপ বলে জানানো হলেও, পাক ক্রিকেটারকে কেনার সঙ্গে এর কোনো সরাসরি যোগসূত্র আছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ইসিবি-র চাপ ও ফ্র্যাঞ্চাইজির অবস্থান
ভারত-পাক কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জেরে আইপিএলে পাকিস্তানিরা নিষিদ্ধ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) আশঙ্কা করেছিল যে ভারতীয় মালিকানাধীন দলগুলো ইংল্যান্ডের লিগেও পাক ক্রিকেটারদের এড়িয়ে যেতে পারে। তাই বোর্ড আগেভাগেই মেধার ভিত্তিতে দল গড়ার প্রতিশ্রুতি চেয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়েই বিপাকে পড়লেন কাব্যারা।

নিলামের অন্যান্য চিত্র:

বার্মিংহ্যাম ফোনিক্স অপর এক পাক স্পিনার উসমান তারিককে দলে নিয়েছে।

অবিক্রিত থেকে গিয়েছেন শাদাব খান, হ্যারিস রাউফ এবং সইম আয়ুবের মতো তারকা ক্রিকেটাররা।

শাহিন শাহ আফ্রিদি আগেই ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।