১ লক্ষ টাকা এখন ১ কোটি ৯ লক্ষ! ৫ বছরে ১০,৮৫৪% রিটার্ন দিয়ে ইতিহাস গড়ল এই পেনি স্টক!

শেয়ার বাজার মানেই ঝুঁকির খেলা, কিন্তু জহুরির চোখ থাকলে যে সামান্য পুঁজি থেকেও কোটিপতি হওয়া সম্ভব, তার টাটকা প্রমাণ দিল ‘লয়েডস মেটালস অ্যান্ড এনার্জি’ (Lloyds Metals & Energy)। মাত্র পাঁচ বছরের ব্যবধানে এই মাল্টিব্যাগার পেনি স্টকটি বিনিয়োগকারীদের যা রিটার্ন দিয়েছে, তা দেখে চক্ষু চড়কগাছ তাবড় বাজার বিশেষজ্ঞদেরও। ২০২১ সালের মার্চ মাসে যে শেয়ারের দাম ছিল মাত্র ১১ টাকা, ২০২৬-এর শুরুতে তা পৌঁছে গিয়েছে ১২০৫ টাকায়।
সহজ অংকের হিসেবে, পাঁচ বছর আগে কোনো বিনিয়োগকারী যদি এই কোম্পানিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে চুপচাপ বসে থাকতেন, তবে আজ সেই টাকার বাজারমূল্য দাঁড়াত প্রায় ১ কোটি ৯ লক্ষ টাকা। লয়েডস মেটালসের এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে রয়েছে বেশ কিছু জোরালো কারণ। মহারাষ্ট্রের এই বৃহত্তম লৌহ আকরিক খননকারী সংস্থাটি বর্তমানে কেবল খনিজ উত্তোলনেই সীমাবদ্ধ নেই, বরং চন্দ্রপুরে নতুন স্টিল কমপ্লেক্স তৈরি করে ব্যবসার পরিধি বহুগুণ বাড়িয়েছে।
এছাড়া টাটা স্টিলের (Tata Steel) সাথে কৌশলগত পার্টনারশিপ এবং কঙ্গোতে কপার প্রজেক্টে বিনিয়োগ সংস্থার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করেছে। নামী ব্রোকারেজ ফার্ম ‘আনন্দ রাঠি’ এই স্টকের ওপর ‘Buy’ রেটিং বজায় রেখেছে এবং তাদের দাবি, আগামী দিনে এই শেয়ারের দাম ১৬১০ টাকা পর্যন্ত যেতে পারে। অর্থাৎ বর্তমান বাজার দর থেকেও আরও ৩৩% লাভের সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, শেয়ার বাজারে বিনিয়োগ সবসময়ই ঝুঁকিপূর্ণ, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।