ইরানের নয়া সুপ্রিম লিডারের ভয়ঙ্কর হুঙ্কার! হরমুজ প্রণালী নিয়ে মোজতবার বার্তায় কাঁপছে বিশ্ববাজার!

পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে এবার পা রাখলেন মোজতবা খামেনেই। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রকাশ্য বার্তাতেই ইস্পাতকঠিন অবস্থানের কথা ঘোষণা করলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্ব বাণিজ্যের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী কোনোভাবেই খোলা হবে না। মোজতবার এই একগুঁয়েমি বার্তার পরেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে, যা ভারতের মতো আমদানিকারক দেশগুলোর জন্য চরম উদ্বেগের।
সংঘাতের ১৩তম দিনে এসে মোজতবা সাফ জানিয়েছেন, “শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবেই।” মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে লক্ষ্য করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে। শুধু তাই নয়, প্রয়োজনে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলারও প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তিনি। বৃহস্পতিবারও জেরুসালেম ও দুবাইয়ের আকাশে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গিয়েছে, যা প্রমাণ করে যে সংঘাত এবার উপসাগরীয় আরব দেশগুলোর দিকেও ছড়িয়ে পড়ছে।
এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সবথেকে বেশি দুশ্চিন্তায় ভারত। ইরানে এখনও প্রায় ৯ হাজার ভারতীয় আটকে রয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আটকে পড়া পড়ুয়া, নাবিক ও তীর্থযাত্রীদের আজারবাইজান ও আর্মেনিয়া হয়ে নিরাপদ করিডোর দিয়ে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছেন। হরমুজ প্রণালী দীর্ঘকালীন বন্ধ থাকলে ভারতের জ্বালানি সুরক্ষা বড়সড় সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।