বড় খবর: দিল্লির বৈঠকে চূড়ান্ত বাংলার ১৪০ বিজেপি প্রার্থী! দিলীপ-অগ্নিমিত্রাদের নিয়ে কী সিদ্ধান্ত মোদির?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার আগেই রাজধানী দিল্লিতে প্রার্থী চয়ন নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু করল বিজেপি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির এক হাই-ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, এই বৈঠকেই বাংলার প্রায় ১৪০টি আসনের প্রার্থীর নাম মোটামুটি চূড়ান্ত করে ফেলেছে গেরুয়া শিবির।

বিজেপি সূত্রের খবর, এবার বড় কোনো ঝুঁকি না নিয়ে ‘পুরনো মুখ’ ও ‘পরীক্ষিত যোদ্ধা’দের ওপরই ভরসা রাখছে হাইকমান্ড। সবথেকে বড় চমক হতে পারেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জল্পনা তুঙ্গে যে, খড়গপুর সদর আসনে অভিনেতা হিরণের পরিবর্তে ফের দিলীপ ঘোষকেই প্রার্থী করতে পারে দল। অন্যদিকে, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পলের টিকিট প্রায় পাকা বলেই জানা গিয়েছে। অধিকাংশ বর্তমান বিধায়ককেই তাঁদের পুরনো কেন্দ্রে পুনরায় লড়াইয়ের সুযোগ দেওয়া হতে পারে, তবে পারফরম্যান্সের ভিত্তিতে কয়েকজনের নাম বাদ পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দিল্লিতে জেপি নাড্ডার বাসভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত দফায় দফায় চলে এই বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের মতো রাজ্যের শীর্ষ নেতারা। রাজনৈতিক মহলের মতে, আগামী ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর মেগা সভার পরেই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে। আর তার ঠিক পরেই প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করে চমক দিতে চায় বিজেপি। ব্রিগেডের মঞ্চ থেকে মোদি কী বার্তা দেন এবং তালিকার চূড়ান্ত রূপ কী হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।