“শিশুরা দমবন্ধ হয়ে মরছে!” মুম্বইয়ের বিষাক্ত বাতাস নিয়ে মহারাষ্ট্র সরকারকে তুলোধনা দীপিকার!

মায়ানগরী মুম্বইয়ের আকাশ এখন ধুলো আর ধোঁয়ায় ধূসর। বাতাসের মান এতটাই নিচে নেমে গিয়েছে যে, এবার সাধারণ মানুষের হয়ে গর্জে উঠলেন বলিউড কুইন দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শহরের ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (AQI) শেয়ার করে সরাসরি মহারাষ্ট্র সরকার ও স্থানীয় প্রশাসনকে বিঁধলেন অভিনেত্রী। দীপিকার দাবি, মুম্বইয়ের বাতাস বিষাক্ত হয়ে উঠেছে এবং এই দূষণে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা।
তথ্য অনুযায়ী, বর্তমানে মুম্বইয়ের গড় একিউআই ১৫০-এর কাছাকাছি থাকলেও, গত ফেব্রুয়ারি মাসে তা ২৩০ থেকে ২৫০-এর মধ্যে ঘোরাফেরা করছিল। ঘাটকোপার ও মুলুন্ডের মতো এলাকায় এই মাত্রা ২৯০ ছাড়িয়ে গিয়েছিল, যা চিকিৎসকদের মতে ‘গুরুতর’ বা বিপজ্জনক। দীপিকা তাঁর পোস্টে প্রশ্ন তুলেছেন, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে। তিনি স্পষ্ট জানিয়েছেন, দিনের পর দিন বাতাসের এই গুণমান নেমে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং এটি একটি বড়সড় বিপর্যয়।
শহরজুড়ে অপরিকল্পিত নির্মাণকাজকেই এই দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দীপিকার এই প্রতিবাদের পরেই নড়েচড়ে বসেছে বৃহন্মুম্বই পৌর কর্পোরেশন (BMC)। জানা গিয়েছে, ধুলো নিয়ন্ত্রণের নিয়ম লঙ্ঘন করায় শহরের ১,০০০-টিরও বেশি নির্মাণ প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বম্বে হাইকোর্টও কড়া ভাষায় সতর্ক করেছে নির্মাণ সংস্থাগুলিকে। তবে দীপিকার এই সোশ্যাল মিডিয়া পোস্ট সাধারণ মানুষের ক্ষোভকে যে আরও উসকে দিয়েছে, তা বলাই বাহুল্য।