আইপিএল ফ্র্যাঞ্চাইজির বড় চমক! পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিল কাব্য মারানের সানরাইজার্স

ক্রিকেট বিশ্বে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল কাব্য মারানের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স। ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো সাধারণত বিদেশি লিগেও পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে চলে, কিন্তু সেই প্রথা ভেঙে ‘দ্য হান্ড্রেড’ লিগের নিলামে পাকিস্তানের তারকা লেগ স্পিনার আব্রার আহমেদকে দলে নিল সানরাইজার্স লিডস। প্রায় ১ লক্ষ ৯০ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় ২.৩৪ কোটি টাকা) খরচ করে তাঁকে দলে টেনেছে অরেঞ্জ আর্মি।

নিলাম চলাকালীন আব্রারকে নিয়ে ট্রেন্ট রকেটসের সঙ্গে জোর লড়াই চলে সানরাইজার্সের। শেষ পর্যন্ত চড়া দাম দিয়ে এই পাক স্পিনারকে ছিনিয়ে নেয় তারা। এই সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর এক অলিখিত চাপ থাকে পাকিস্তানি খেলোয়াড়দের এড়িয়ে চলার। তবে কাব্য মারানের দল সেই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে ক্রিকেটিং মেধার ওপর ভরসা রেখেছে। সাম্প্রতিক সময়ে খবর ছড়িয়েছিল যে আইপিএল সমর্থিত ফ্র্যাঞ্চাইজিগুলো পাক ক্রিকেটারদের ব্রাত্য রাখতে পারে, কিন্তু আব্রারের অন্তর্ভুক্তি সেই গুঞ্জনে জল ঢেলে দিল।

২৭ বছর বয়সী আব্রার আহমেদ পাকিস্তানের হয়ে ইতিমধ্য়েই তিন ফরম্যাটে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ৪৬টি টেস্ট এবং ৫২টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই স্পিনার সদ্য সমাপ্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও নজর কেড়েছিলেন। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে তিনি ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। এর আগে পিএসএল ও বিপিএলে খেললেও ইউরোপের মাটিতে এটাই হবে তাঁর প্রথম বড় লিগ। এখন পিসিবি-র এনওসি (NOC) মিললেই সানরাইজার্সের জার্সিতে মাঠে নামবেন এই পাক রহস্যময় স্পিনার।