সচিন-কপিলদের তালিকায় এবার রাহুল দ্রাবিড়! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উপহার দিচ্ছে বোর্ড?

ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। কখনও ২২ গজের ক্রিজে দাঁড়িয়ে মিডল অর্ডারের স্তম্ভ হয়ে দেওয়াল তুলেছেন, আবার কখনও ডাগ-আউটে বসে ঠান্ডা মাথায় বিশ্বজয়ের ছক কষেছেন। সেই কিংবদন্তি রাহুল দ্রাবিড়কেই এবার ‘সি কে নাইডু লাইভটাইম অ্যাচিভমেন্ট’ সম্মানে ভূষিত করতে চলেছে বিসিসিআই। আগামী ১৫ মার্চ মুম্বইয়ে আয়োজিত হতে চলেছে বিসিসিআই-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই ভারতীয় ক্রিকেটের এই আইকনিক ব্যক্তিত্বের হাতে তুলে দেওয়া হবে আজীবন সম্মান। একইসঙ্গে গত বছরের সেরা ক্রিকেটারের তকমা পেতে চলেছেন তরুণ তুর্কি শুভমন গিল।
রাহুল দ্রাবিড় মানেই এক নিখুঁত কেরিয়ারের খতিয়ান। টেস্টে ১৩ হাজার এবং ওয়ানডে-তে ১০ হাজার রানের মালিক দ্রাবিড় প্রায় ১৬ বছর ধরে ভারতীয় দলের প্রধান ভরসা ছিলেন। ২০১২ সালে অবসর নেওয়ার পরও তিনি থেমে থাকেননি। ভারতের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার দায়িত্ব নিয়েছিলেন এনসিএ (NCA) ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে। ঋষভ পন্থ, শুভমন গিল থেকে শুরু করে আজকের ঈশান কিষাণ বা অর্শদীপ সিং—সকলের উঠে আসার নেপথ্যে রয়েছে ‘দ্য ওয়াল’-এর নিখুঁত মগজস্ত্র। তাঁর কোচিংয়েই ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ভারত। এরপর সিনিয়র দলের হেড কোচ হিসেবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দলকে তোলা এবং ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রূপকার ছিলেন তিনি।
২০২৫ সালে কিংবদন্তি সচিন তেন্ডুলকর এই সম্মান পেয়েছিলেন। এবার কপিল দেব, সুনীল গাওস্কর, রবি শাস্ত্রী ও অঞ্জুম চোপড়ার মতো নক্ষত্রখচিত তালিকায় নিজের নাম লেখাতে চলেছেন দ্রাবিড়। অন্যদিকে, গুরুর বিশেষ সম্মানের রাতে বর্ষসেরার শিরোপা উঠতে চলেছে শিষ্য শুভমন গিলের মাথায়। বিসিসিআই-এর এই অনুষ্ঠানটি ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট মহলে উত্তেজনার পারদ চড়ছে।