LPG-সিলিন্ডার পেতে সমস্যা হলে করুন ফোন, চালু হলো ২৪x৭ কন্ট্রোল রুম

রাজ্যে রান্নার গ্যাস ও বাণিজ্যিক সিলিন্ডারের তীব্র সংকটের মাঝে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এলপিজি ডিলার ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর নবান্ন থেকে একটি কড়া ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (SOP) বা নির্দেশিকা জারি করা হয়েছে। উদ্দেশ্য একটাই— জোগান স্বাভাবিক রাখা এবং কৃত্রিম অভাব রোখা।

অভিযোগ জানাতে খোলা হলো ২৪x৭ কন্ট্রোল রুম গ্যাস সরবরাহ নিয়ে যেকোনো সমস্যায় সাধারণ মানুষ যাতে সরাসরি সরকারের দ্বারস্থ হতে পারেন, তার জন্য একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম চালু করেছে নবান্ন।

  • হেল্পলাইন নম্বর: ১০৭০ / ০৩৩-২২১৪-৩৫২৬

  • হোয়াটসঅ্যাপ/মোবাইল: ৮৬৯৭৯৮১০৭০

এছাড়াও পুলিশি সহায়তার জন্য আলাদা তিনটি নম্বর (০৩৩-৪৯৫০৬১০১, ০৩৩-৩৫০২৬২১৪, ০৩৩-২৪৮৭৪৪০০) দেওয়া হয়েছে। কোথাও ডেলিভারি নিয়ে অশান্তি বা কালোবাজারি দেখলে নাগরিকরা এখানে অভিযোগ জানাতে পারবেন।

নজরে মিড-ডে মিল ও হাসপাতাল: আসছে গ্রিন করিডোর মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির বিশেষ নজর থাকবে স্কুল (মিড-ডে মিল), হাসপাতাল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সংশোধনাগারগুলোর ওপর। রাজ্য জানিয়েছে, গ্যাসের ট্যাঙ্কার চলাচলের সুবিধার্থে প্রয়োজনে ‘গ্রিন করিডোর’ তৈরি করা হবে এবং এই যানগুলিকে জরুরি পরিষেবার আওতায় রাখা হবে।

কালোবাজারি রুখতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা গ্যাস মজুত করে রাখা বা চড়া দামে বিক্রি করার চেষ্টা করলে কড়া আইনি ব্যবস্থা নেবে পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB)। জেলাশাসকদের নেতৃত্বে জেলাস্তরেও বিশেষ কমিটি নজরদারি চালাবে। এমনকি ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে প্রতিদিনের মজুত ও সরবরাহের তথ্য সরাসরি পর্যবেক্ষণ করবে নবান্ন।

গ্রাহকদের জন্য বিশেষ বার্তা যাঁদের বাড়িতে একটিমাত্র সিলিন্ডার (Single Cylinder Users), তাঁদের বুকিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, আতঙ্কিত হয়ে অতিরিক্ত সিলিন্ডার বুক না করতে। ‘প্যানিক বুকিং’ বন্ধ হলেই জোগান দ্রুত স্বাভাবিক হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।