নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের নজরে বাংলা! এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে মহাবৈঠক, নবান্নে থরহরি কম্প

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্য পুলিশ এবং ২৫টি এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে ম্যারাথন বৈঠকে বসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর। মূলত কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রক্ষা এবং স্পর্শকাতর এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখাই এই বৈঠকের মূল লক্ষ্য।

কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে দীর্ঘ দু-ঘণ্টার একটি উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে। এরপর শুক্রবার বিকেলে ফের ভার্চুয়াল কনফারেন্সে বসবেন ডিইসি এবং ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার কর্তারা। এই বৈঠকে শুধু পুলিশ নয়, রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এবং স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির (SLBC) প্রতিনিধিদেরও সশরীরে উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোটের মুখে অবৈধ টাকার লেনদেন পুরোপুরি বন্ধ করা যায়।

এর আগে বুধবার শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ভবনে এএসপি (ASP) ও ডিএসপি (DSP) পদমর্যাদার অফিসারদের বিশেষ প্রশিক্ষণ দেন সিইও মনোজ কুমার আগরওয়াল। সেই প্রশিক্ষণে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এবার থেকে কেন্দ্রীয় বাহিনীর প্রতিটি গাড়িতে ক্যামেরা থাকবে এবং বুথে বুথে হবে ওয়েবকাস্টিং। এছাড়াও, জামিন অযোগ্য ধারায় যাদের নামে ওয়ারেন্ট রয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে সেই সংখ্যা ‘শূন্য’তে আনার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এলাকায় গণ্ডগোল পাকাতে পারে, তাদের চিহ্নিত করে আগেভাগেই এলাকাছাড়া করার কড়া দাওয়াই দিয়েছে কমিশন। অতি স্পর্শকাতর বুথগুলিতে বাড়তি নজরদারির ব্লু-প্রিন্টও এদিন তৈরি করা হয়েছে।