রান্নার গ্যাসের বুকিংয়ে বড় বদল! কেন্দ্রীয় নির্দেশিকায় মাথায় হাত সাধারণ মানুষের, কী নিয়ম এল?

দেশজুড়ে রান্নার গ্যাসের জোগান নিয়ে যখন উদ্বেগের মেঘ ঘনাচ্ছে, ঠিক তখনই এলপিজি (LPG) বুকিংয়ের ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। বুধবার রাত থেকেই কার্যকর হওয়া এই নয়া নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে গ্রামাঞ্চলে রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করার ক্ষেত্রে ৪৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ, একবার গ্যাস নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার বুক করতে অন্তত ৪৫ দিন অপেক্ষা করতে হবে গ্রামীণ গ্রাহকদের। অন্যদিকে, শহরাঞ্চলের জন্য এই সময়সীমা ২৫ দিন রাখা হয়েছে।
পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা এক সাংবাদিক বৈঠকে জানান, বর্তমান বিশ্ব পরিস্থিতির নিরিখে সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক স্তরে গ্যাস সরবরাহে প্রায় ২০ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের মধ্যে আতঙ্কিত হয়ে অতিরিক্ত সিলিন্ডার মজুত করার প্রবণতা (Panic Booking) এবং কালোবাজারি রুখতেই এই কড়াকড়ি।
সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী অবশ্য দাবি করেছেন যে, দেশে জ্বালানির কোনও প্রকৃত সঙ্কট নেই। তিনি জানান, ভারত বর্তমানে বিশ্বের ৪০টি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করছে এবং পেট্রোল-ডিজেলের মজুতও পর্যাপ্ত। মন্ত্রীর মতে, সিলিন্ডার বুকিংয়ের আড়াই দিনের মধ্যেই ডেলিভারি দেওয়া হচ্ছে। তবুও জোগান ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বুকিংয়ের দিনের ব্যবধানে এই পরিবর্তন আনা জরুরি ছিল। তবে হঠাৎ করে গ্রামীণ এলাকায় ৪৫ দিনের এই কড়া নিয়মে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত মজুতদারি রুখতে কতটা সফল হয়, এখন সেটাই দেখার।