ফের ট্রাম্পের নিশানায় ভারত! শুরু হলো বিতর্কিত ‘৩০১ ধারা’ তদন্ত, ফের কি বসবে চড়া শুল্ক?

বিশ্ব অর্থনীতিতে আবারও উত্তেজনার পারদ চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত, চিন এবং ইউরোপীয় ইউনিয়ন-সহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদার দেশের বিরুদ্ধে বিতর্কিত ‘৩০১ ধারা’ (Section 301)-র অধীনে তদন্ত শুরু করল মার্কিন প্রশাসন। ওয়াশিংটনের অভিযোগ, এই দেশগুলির ‘অন্যায্য বাণিজ্য নীতি’ এবং অতিরিক্ত উৎপাদন ক্ষমতা মার্কিন উৎপাদনকারীদের ব্যবসায়িক স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
তদন্তের মূল লক্ষ্য দুটি বিষয়— প্রথমত, ভারত ও চিনের মতো দেশগুলোর অতিরিক্ত শিল্প উৎপাদন ক্ষমতা খতিয়ে দেখা। আমেরিকার দাবি, চাহিদার তুলনায় বেশি পণ্য বিশ্ব বাজারে ছড়িয়ে দিয়ে মার্কিন সংস্থাগুলোকে অসম প্রতিযোগিতার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, জোরপূর্বক শ্রমের (Forced Labor) মাধ্যমে পণ্য উৎপাদন করা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন।
উল্লেখ্য, গত মাসেই ট্রাম্পের পূর্ববর্তী শুল্ক নীতিকে ‘বেআইনি’ বলে বাতিল করেছিল মার্কিন সুপ্রিম কোর্ট। কিন্তু আইনি জটিলতা এড়াতে ট্রাম্প বর্তমানে ১০ শতাংশ অস্থায়ী শুল্ক জারি রেখেছেন, যা কংগ্রেসের অনুমোদন ছাড়া ১৫০ দিনের বেশি কার্যকর করা সম্ভব নয়। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তদন্ত শেষ করে নতুন করে স্থায়ী ও চড়া হারে শুল্ক চাপানোর পথ প্রশস্ত করতে চাইছে ওয়াশিংটন। যদি এই তদন্তে ভারত দোষী প্রমাণিত হয়, তবে ভারতীয় রফতানি পণ্যের ওপর চড়া করের বোঝা চাপতে পারে, যা দেশের অর্থনীতির জন্য উদ্বেগের কারণ।