৩০০০ টাকায় বিকোচ্ছে সিলিন্ডার! গ্যাসের আকালের মাঝেই পুনেতে খুনের ঘটনায় শোরগোল

দেশজুড়ে চলা রান্নার গ্যাসের হাহাকার এবার ডেকে আনল মর্মান্তিক পরিণতি। রান্নার গ্যাস নিয়ে বচসার জেরে নিজের তুতো ভাইকে এলপিজি সিলিন্ডার দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে পুনের কুদালে বস্তি এলাকার একটি নির্মাণ প্রকল্পের শ্রমিক কলোনিতে এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে। পুলিশ অভিযুক্ত প্রদীপ গুন্ডারেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম বালাজি খান্দাডে (২৯)। তিনি ও তাঁর তুতো ভাই প্রদীপ পেশায় রাজমিস্ত্রি। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ রান্না করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বিবাদ শুরু হয়। অভিযোগ, রাগের মাথায় প্রদীপ ঘরে থাকা ভারী গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে বালাজিকে একনাগাড়ে আঘাত করতে থাকেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারায় খুনের মামলা রুজু হয়েছে।
বর্তমানে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতের বাজারে এলপিজি সরবরাহে ব্যাপক টান পড়েছে। কালোবাজারে একটি সিলিন্ডারের দাম ৩,০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে বলে খবর। যদিও সরকার বারবার দাবি করছে যে ঘরোয়া গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই এবং অভ্যন্তরীণ উৎপাদন ২৫% বৃদ্ধি করা হয়েছে, তবুও বাস্তব চিত্রটা যে কতটা ভয়াবহ— পুনের এই খুনের ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে।