পেট্রোল-ডিজেল নিয়ে ভয়ের কারণ নেই! উত্তাল সংসদে বড় ঘোষণা মন্ত্রী হরদীপ সিং পুরির

দেশজুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কার মাঝেই আজ লোকসভায় দাঁড়িয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। তাঁর দাবি, ভারতে পেট্রোল, ডিজেল বা কেরোসিনের কোনও ঘাটতি নেই। বিরোধীদের প্রবল হট্টগোল এবং ‘এপস্টিন’ ইস্যুতে শোরগোলের মধ্যেই মন্ত্রী স্পষ্ট জানান, দেশের রিফাইনারিগুলি বর্তমানে ১০০ শতাংশেরও বেশি ক্ষমতা ব্যবহার করে কাজ করছে। ফলে জ্বালানির জোগানে টান পড়ার কোনও প্রশ্নই ওঠে না।

সংসদে তথ্য দিয়ে হরদীপ সিং পুরি জানান, ভারত এখন অনেক বেশি সতর্ক। ২০০৬-০৭ সালে যেখানে মাত্র ২৭টি দেশ থেকে তেল আসত, এখন তা বেড়ে ৪০টি দেশে পৌঁছেছে। এমনকি হরমুজ প্রণালীর সংঘাত এড়াতে বিকল্প উৎস (নন-হরমুজ সোর্সিং) থেকে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ ৫৫% থেকে বাড়িয়ে ৭০%-এ নিয়ে যাওয়া হয়েছে। রাশিয়ার পাশাপাশি আমেরিকা, নরওয়ে, কানাডা ও আলজেরিয়া থেকে বড় বড় জাহাজ এনে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে।

গ্যাস সিলিন্ডারের আকাল নিয়ে যখন দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে, সেখানেও অভয় দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, এলএনজি কার্গো বিকল্প পথে নিয়মিত আসছে। দীর্ঘমেয়াদি যুদ্ধ চললেও ভারত পর্যাপ্ত গ্যাস উৎপাদনে সক্ষম। পেট্রোল পাম্প বা রিটেইল আউটলেটগুলোতে পর্যাপ্ত স্টক মজুত রয়েছে বলেও তিনি দাবি করেন। তবে মন্ত্রীর এই বক্তব্যের মাঝেই বিরোধীরা আদানি ও এপস্টিন ইস্যুতে সরব হয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হলেও সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—ভারতের জ্বালানি নিরাপত্তা সম্পূর্ণ সুরক্ষিত।