২৫% ডিএ মেটানোর নির্দেশে স্থগিতাদেশের পাহাড়? সুপ্রিম কোর্টে ফের পাল্টা মামলা রাজ্যের, অন্ধকারে সরকারি কর্মীদের ভবিষ্যৎ!

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে দড়িটানাটানি এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছল। সুপ্রিম কোর্টের গত ৫ ফেব্রুয়ারির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার শীর্ষ আদালতে ‘রিভিউ পিটিশন’ দাখিল করল রাজ্য সরকার। গত ৯ মার্চ বিকেল ৫টা ৪৮ মিনিটে দায়ের করা এই নতুন মামলার জেরে সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষিত বকেয়া প্রাপ্তি আবারও আইনি জটে আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে।

সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী রায়ে রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে, অবিলম্বে বকেয়া ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। এমনকি বাকি বকেয়া মেটানোর রূপরেখা তৈরির জন্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছিল। কিন্তু নবান্ন শুরু থেকেই ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে আসছিল। এবার সরাসরি সেই রায়কে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করায় কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ‘স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’ নামে এই মামলা এখন এক নতুন আইনি মোড়ে দাঁড়িয়ে।

রাজ্যের এই পদক্ষেপে হতাশ সরকারি কর্মীরা কিন্তু পিছু হঠতে নারাজ। তাঁদের দাবি, ডিএ তাঁদের ন্যায্য অধিকার এবং সরকার কেবল সময় নষ্ট করার জন্য আইনি প্যাঁচ তৈরি করছে। এই রিভিউ পিটিশনের পালটা জবাব দিতে এবং বকেয়ার দাবিতে কাল অর্থাৎ শুক্রবার রাজ্যজুড়ে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছে কর্মী সংগঠনগুলি। আদালতের ঝুলে থাকা এই মামলার শুনানি কবে হবে তা এখনও স্পষ্ট নয়, তবে নবান্ন বনাম সরকারি কর্মীদের এই লড়াই যে আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে, তা বলাই বাহুল্য।