১০ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘ভূত বাংলা’, প্রিয়দর্শনের হারর-কমেডিতে অক্ষয়ের সঙ্গী কারা? ফাঁস হলো বড় চমক!

বলিউডে হরর-কমেডি ঘরানার বাদশা অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শন জুটি মানেই বক্স অফিসে ব্লকব্লাস্টার। দীর্ঘ সময় পর ফের এই জুটি ফিরছে ‘ভূত বাংলা’ (Bhooth Bangla) নিয়ে। আগামী ১০ এপ্রিল মুক্তি পেতে চলা এই ছবিকে ঘিরে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। তবে শুধু অক্ষয় নন, এই ছবিতে থাকছে এমন এক শক্তিশালী ‘কমেডি ব্রিগেড’, যা দর্শকদের পেটে খিল ধরাতে বাধ্য। দেখে নিন কারা থাকছেন অক্ষয়ের এই ভৌতিক সফরে।

ছবির প্রধান আকর্ষণ অবশ্যই অক্ষয় কুমার নিজে। কমেডি টাইমিংয়ে তাঁর দক্ষতা প্রশ্নাতীত। তবে তাঁকে যোগ্য সঙ্গ দিতে থাকছেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। অক্ষয়-পরেশ জুটি মানেই ‘হেরা ফেরি’ বা ‘ভুল ভুলাইয়া’র সেই নস্ট্যালজিয়া। পাশাপাশি প্রিয়দর্শনের ছবির অবিচ্ছেদ্য অংশ রাজপাল যাদবও থাকছেন এই ভৌতিক অট্টালিকায়। তাঁর অদ্ভুত অঙ্গভঙ্গি আর সংলাপ এই ছবির বড় সম্পদ হতে চলেছে।

এখানেই শেষ নয়, টলিউড ও বলিউড কাঁপানো অভিনেতা রাজেশ শর্মাকেও দেখা যাবে এক গুরুত্বপূর্ণ কমেডি চরিত্রে। তবে ছবির সবচেয়ে আবেগঘন এবং বড় চমক হলো কিংবদন্তি কমেডিয়ান প্রয়াত আসরানির উপস্থিতি। মৃত্যুর আগে তিনি এই ছবির কাজ সেরে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ প্রিয়দর্শনের হাত ধরে ফের একবার বড় পর্দায় আসরানির সেই জাদুকরী অভিনয় দেখার সুযোগ পাবেন দর্শকরা। সব মিলিয়ে পাঁচজন তুখোড় কমেডিয়ানের সমাবেশ ‘ভূত বাংলা’কে এ বছরের অন্যতম চর্চিত ছবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।