রেনকোজি মন্দিরের চিতাভস্ম নিয়ে টানাপোড়েন! সুপ্রিম কোর্টের নির্দেশে হতাশ কোটি কোটি দেশপ্রেমী

আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য এবং জাপানের রেনকোজি মন্দিরে রাখা তাঁর তথাকথিত ‘চিতাভস্ম’ দেশে ফেরানো নিয়ে ফের সরগরম দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করা হলেও তা শুনতে অস্বীকার করল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। আদালতের স্পষ্ট ঘোষণা— এই ধরণের আর্জি নিয়ে আগেও মামলা হয়েছে, নতুন করে আদালত এতে হস্তক্ষেপ করবে না।
নেতাজির প্রপৌত্র আশিস রায় এই মামলাটি দায়ের করেছিলেন। শুনানির সময় বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতকে জানান যে, নেতাজির কন্যা অনিতা বসু পাফ জার্মানি থেকে ভার্চুয়ালি এই শুনানিতে যোগ দিতে প্রস্তুত। তিনি আর্জি জানান যাতে আদালতের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে চিতাভস্ম ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রধান বিচারপতি সূর্য কান্ত কড়া ভাষায় জানিয়ে দেন, “যদি নেতাজির কন্যা নিজে সরাসরি আবেদন করেন, তবে বিষয়টি পরে ভেবে দেখা যেতে পারে। বর্তমানে আমরা এই মামলা শুনছি না।”
উল্লেখ্য, নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর দাবি দীর্ঘদিনের। গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মর্মে চিঠি লিখেছিলেন চন্দ্র বসু। খোদ নেতাজি কন্যা অনিতা বসু পাফ বারবার ডিএনএ পরীক্ষার মাধ্যমে সত্য উদঘাটন ও চিতাভস্ম ফেরানোর দাবি জানিয়েছেন। তবে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, চিতাভস্ম ফেরানোর বিষয়ে পরিবারের সদস্যদের মধ্যে আজও ঐকমত্যের অভাব রয়েছে। সরাসরি উত্তরাধিকারী এই মামলার আবেদনকারী না হওয়ায় আইনি জটিলতা আরও বেড়েছে। ফলে জাপানের মন্দিরে থাকা সেই ভস্মর ভবিষ্যৎ আপাতত বিশ বাঁও জলেই রয়ে গেল।