১৫০ নাম চূড়ান্ত? নাড্ডার বাড়িতে ম্যারাথন বৈঠকের পর বড় আপডেট দিলেন শুভেন্দু!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে দিল্লিতে সাজো সাজো রব। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে দফায় দফায় বৈঠকের পর এবার নজর প্রধানমন্ত্রীর বাসভবনে। বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্বাচন কমিটির (CEC) মেগা বৈঠকেই সিলমোহর পড়তে পারে বাংলার প্রথম প্রার্থী তালিকায়। ১৫০টি আসনে প্রার্থীর নাম নিয়ে প্রাথমিক আলোচনা শেষ হতেই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে।
প্রার্থী তালিকা এবার গৌণ: বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বড় বয়ান দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানান, “তৃণমূলকে হারানোই মূল লক্ষ্য। এবার প্রার্থী তালিকা ‘ইমমেটেরিয়াল’। উপরে পদ্ম আর নিচে নরেন্দ্র মোদি—এটাই আমাদের সমীকরণ।” শুভেন্দুর দাবি, ২০২৬-এর নির্বাচন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ‘বিসর্জন’। প্রার্থীর চেয়েও মোদি ম্যাজিক আর দলীয় প্রতীকেই বেশি ভরসা রাখছে গেরুয়া শিবির।
দিল্লিতে রুদ্ধদ্বার বৈঠক: বুধবার সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর বৃহস্পতিবারও জেপি নাড্ডার বাড়িতে বসেছিল কোর কমিটির আসর। অমিত শাহ, বিএল সন্তোষ, অমিত মালব্যদের উপস্থিতিতে আসন ধরে ধরে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। শনিবার ব্রিগেডে মোদির সভার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিতে চাইছে বিজেপি।