অভিষেকের সঙ্গে ছবিই কি তবে লাইসেন্স? মালদায় ত্রাস সেই পরিযায়ী দম্পতি!

যাঁদের নিয়ে তৃণমূল একসময় দিল্লির বিরুদ্ধে সরব হয়েছিল, সেই পরিযায়ী দম্পতিই এখন গ্রামবাসীদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। অভিযোগ উঠেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোলা ছবিকে হাতিয়ার করে মালদার চাঁচলের ফিরোজাবাদ গ্রামে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছেন মুক্তার হোসেন ও সাজেনুর পারভিন।
ঘটনার নেপথ্যে কী? সম্প্রতি ফিরোজাবাদ গ্রামে দুই পরিবারের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। অভিযোগ, প্রতিবেশী কাউসার খান ও তাঁর পরিবার আসমা বেগমদের পরিবারের ওপর ধারালো হাঁসুয়া নিয়ে হামলা চালায়। বর্তমানে আসমার স্বামী ও ভাসুর হাসপাতালে চিকিৎসাধীন। এই বিবাদেই অভিযুক্ত কাউসারদের পক্ষ নিয়ে আসমা বেগমের পরিবারকে লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মুক্তার ও সাজেনুর দম্পতির বিরুদ্ধে।
অভিষেকের ছবি যখন ‘হাতিয়ার’: আক্রান্ত সেলিম খানের দাবি, “ওরা সারাক্ষণ মমতা আর অভিষেকের নাম নিয়ে আমাদের হেনস্তা করছে। বলছে, মমতা-অভিষেক ওদের সঙ্গে আছে, এক সেকেন্ডে দেখে নেবে।” গ্রামবাসীদের অভিযোগ, দিল্লিতে বাংলা বলার জন্য নিগৃহীত হওয়ার জেরে তৃণমূল এই দম্পতিকে ঘটা করে রাজ্যে ফিরিয়ে এনেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দাঁড়িয়ে ছবিও তুলেছিলেন তাঁরা। এখন সেই ছবি দেখিয়েই এলাকায় ভয় ও সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে।
রাজনৈতিক তরজা: বিজেপি যুব মোর্চার নেতা প্রসেনজিৎ শর্মার দাবি, “তৃণমূলের মদতে আজ ওরা এলাকার মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। এই অপশাসন চলতে পারে না।” অন্যদিকে, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রফিকুল হোসেন জানিয়েছেন, “ব্যক্তিগত বিবাদে দলের নাম জড়ানো বরদাস্ত করা হবে না।” অভিযুক্ত দম্পতি আপাতত বেপাত্তা থাকলেও চাঁচল থানা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।