গ্যাস নিয়ে হাহাকার দেশে! মোদি সরকারকে তোপ তৃণমূলের, বড় ঘোষণা মমতার!

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া এবার রান্নাঘরে! দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র হাহাকার এবং একধাক্কায় ৬০ টাকা মূল্যবৃদ্ধির প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখপাত্র তন্ময় ঘোষ সরাসরি মোদি সরকারের ‘ব্যর্থতা’কে কাঠগড়ায় তুলেছেন।
মোদির সফর ও ব্যর্থতার অভিযোগ: চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, ইজরায়েল সফরে গিয়েও প্রধানমন্ত্রী আগাম গ্যাস মজুতের কোনও ব্যবস্থা করেননি। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ ব্যাহত হতে পারে তা জেনেও কেন কেন্দ্র হাত গুটিয়ে বসে ছিল? বর্তমানে নতুন সিলিন্ডার বুক করতে ২৫ দিনের লম্বা লাইন দিতে হচ্ছে, যাকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে ব্যাখ্যা করেছে তৃণমূল।
রাজ্যের মানুষের জন্য বড় পদক্ষেপ: কেন্দ্রকে তোপ দাগার পাশাপাশি বাংলার মানুষকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে তিনি কড়া নির্দেশ দিয়েছেন:
-
হলদিয়া, কল্যাণী এবং দুর্গাপুরের নিজস্ব শোধনাগার থেকে গ্যাস আপাতত রাজ্যের বাইরে পাঠানো যাবে না।
-
স্কুলের মিড-ডে মিল এবং আইসিডিএস-এর রান্না যাতে বন্ধ না হয়, তার জন্য বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিগেড ও নন্দীগ্রাম দিবস: আগামী ১৪ মার্চ মোদির ব্রিগেড কর্মসূচিকেও কটাক্ষ করেছে তৃণমূল। ওই দিনটি নন্দীগ্রাম দিবস হিসেবে পরিচিত। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে স্রেফ চমক দিতেই এই পরিকল্পনা। পাশাপাশি দিল্লিতে তৃণমূলের প্রতিবাদের সময় ট্রেন বাতিল হলেও বিজেপির সভার জন্য কীভাবে ‘স্পেশাল ট্রেন’ দেওয়া হচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তন্ময় ঘোষ।