“আকবরউদ্দিন ওয়াইসির মতো ভাষা কেন মুখ্যমন্ত্রীর মুখে?” বিস্ফোরক মহম্মদ সেলিম, কড়া ব্যবস্থার দাবি!

নির্বাচনের আগে খোদ মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলার রাজনীতি। ধর্মতলায় তৃণমূলের ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘এক সেকেন্ডে ১২টা বাজিয়ে দেওয়া’ সংক্রান্ত একটি হুঁশিয়ারি ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিরোধীদের অভিযোগ, এই মন্তব্য সরাসরি ‘সাম্প্রদায়িক উস্কানি’। বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ—একযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে।
কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? ভাইরাল হওয়া ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, “আমরা আছি বলে আপনারা ভালো আছেন। আমরা না থাকলে এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে… ঘিরে ফেললে এক সেকেন্ডে একদম ১২টা বাজিয়ে দেবে।” এই বক্তব্যের পরেই বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়কে শিখণ্ডী করে বিভাজনের রাজনীতি করছেন।
বিরোধীদের একসুর আক্রমণ:
-
মহম্মদ সেলিম (সিপিএম): “হায়দরাবাদের আকবরউদ্দিন ওয়াইসি একসময় পুলিশ তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। মমতাও আজ সেই সুরেই কথা বলছেন। কমিশনের উচিত কড়া পদক্ষেপ নেওয়া।”
-
শুভেন্দু অধিকারী (বিজেপি): “সাম্প্রদায়িক কার্ড খেলাই মমতার অভ্যাস। ২০২১ ও ২০২৪-এ তিনি মুসলিম ভোট প্রভাবিত করেছেন। এবার হিন্দুরাও জোট বাঁধবে এবং ব্যালটেই জবাব দেবে।”
-
শুভঙ্কর সরকার (কংগ্রেস): “ভারতবর্ষ বহুত্ববাদের দেশ। কে কাকে শেষ করে দেবে—এমন ভাষা গণতন্ত্রে মানায় না। মুখ্যমন্ত্রী না থাকলে কারা আক্রমণ করবে? তিনি কি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ?”
-
নওশাদ সিদ্দিকি (আইএসএফ): “ভয় দেখিয়ে ভোট পাওয়ার এই রাজনীতি বন্ধ করতে হবে। তৃণমূল এবং বিজেপি দুজনেই ভয়ের চাষ করছে।”
এই ইস্যুতে এখনও তৃণমূলের তরফে কোনো সরকারি প্রতিক্রিয়া না মিললেও, লোকসভা ও বিধানসভা ভোটের মুখে এই ‘হুমকি’ ইস্যুকে যে বিরোধীরা বড় হাতিয়ার করবে, তা স্পষ্ট।