দেব-মমতার যুগলবন্দিতে বাজিমাত! স্বাস্থ্যসাথী কার্ড পাবেন টলিউডের ৭০০০ টেকনিশিয়ান, বড় উপহার মুখ্যমন্ত্রীর

টলিউড ইন্ডাস্ট্রির পর্দার পেছনের কারিগরদের জন্য বড় সুখবর নিয়ে এলেন সাংসদ-অভিনেতা দেব। তাঁর বিশেষ অনুরোধে এবার বাংলা চলচ্চিত্র জগতের ৭০০০-এরও বেশি টেকনিশিয়ানের জন্য ‘স্বাস্থ্যসাথী’ (Swasthya Sathi) প্রকল্পের সুবিধা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে এখন থেকে স্টুডিও পাড়ার মেকআপ শিল্পী থেকে শুরু করে লাইটম্যান—সকলেই সরকারি এই বিমার সুরক্ষাকবচ পাবেন।

দেব সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে লেখা তাঁর সেই আবেদনপত্রটি শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী কেবল তাঁর অনুরোধ শোনেননি, বরং দ্রুত তা কার্যকর করার নির্দেশও দিয়েছেন। আগামী ১৭ মার্চ টেকনিশিয়ান্স স্টুডিওতে একটি বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্পের আয়োজন করা হবে। দেব সকল টেকনিশিয়ান ভাইদের অনুরোধ করেছেন ওইদিন উপস্থিত থেকে নিজেদের নাম নথিভুক্ত করতে, যাতে চিকিৎসার খরচ নিয়ে তাঁদের আর দুশ্চিন্তায় না পড়তে হয়।

Saheli Saha
  • Saheli Saha