মালা বিক্রেতা থেকে সিনেমার নায়িকা, ফরমানকে বিয়ে করতেই কি ‘সর্বস্বান্ত’ পরিচালক? মোনালিসার বিয়েতে রণক্ষেত্র কেরিয়ার!

২০২৫-এর কুম্ভমেলায় মালা বিক্রি করা সেই সাধারণ মেয়েটির চোখের জাদুতে মুগ্ধ হয়েছিল গোটা ভারত। পরিচালক সানোজ মিশ্রর হাত ধরে প্রয়াগরাজের ধুলোমাখা মেলা থেকে রূপালি পর্দার ঝলমলে দুনিয়ায় পা রেখেছিলেন মোনালিসা ভোঁসলে। কিন্তু বুধবার তিরুবনন্তপুরমে সমাজমাধ্যমের বন্ধু ফরমান খানকে বিয়ে করতেই সেই রূপকথার সফর এক বিষাদময় মোড় নিল। কড়া পুলিশি পাহারায় বিয়ে সারলেও, মোনালিসার এই সিদ্ধান্তে এখন ছারখার তাঁর পরিবার ও কেরিয়ার।
পরিচালক সানোজ মিশ্র কান্নায় ভেঙে পড়ে দাবি করেছেন, মোনালিসার জন্য তিনি ১০ কোটি টাকা ঋণ নিয়ে ‘দ্য ডায়রি অফ মণিপুর’ ছবি তৈরি করেছিলেন। নিজের বাড়িতে রেখে তাঁকে শিক্ষিত করা থেকে নায়িকা বানানো— সবটাই আজ বৃথা মনে হচ্ছে তাঁর। সানোজের অভিযোগ, এটি একটি পরিকল্পিত ‘লাভ জিহাদ’। ফরমান কেবল টাকার লোভেই মোনালিসাকে বিয়ে করেছেন বলে তাঁর দাবি। অন্যদিকে, মোনালিসার বাবা থানার সামনে মেয়ের এই বিয়ে মেনে নিতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন, যার ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল। মোনালিসা অবশ্য নিজের সিদ্ধান্তে অনড়; পরিবারের হুমকি ও বাধার অভিযোগ তুলে পুলিশের আশ্রয়েই তিনি আইনিভাবে ফরমানকে জীবনসঙ্গী বেছে নিয়েছেন। এক তরুণীর স্বাধীনতার অধিকার বনাম এক নিঃস্ব পরিচালকের হাহাকার— এই বিতর্ক এখন তুঙ্গে।