পৃথিবীতে কি আসতে চলেছে ‘অ্যান্টিক্রাইস্ট’? বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে হাড়হিম করা দাবি ক্যাথলিক পুরোহিতের!

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা আর সামাজিক অবক্ষয়ের মাঝে এক রহস্যময় ধর্মীয় চরিত্রকে নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। তিনি হলেন ‘অ্যান্টিক্রাইস্ট’। খ্রিস্টীয় ধর্মতত্ত্ব অনুযায়ী, এই ব্যক্তি হবেন প্রভু যিশুর ঠিক বিপরীত এক সত্তা, যাঁর মূল লক্ষ্য হবে মানুষকে বিশ্বাসের পথ থেকে বিচ্যুত করা। সম্প্রতি এক জনপ্রিয় পডকাস্ট সাক্ষাৎকারে ক্যাথলিক পুরোহিত ক্যাড রিপারগার দাবি করেছেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট প্রাচীন ধর্মগুরুদের সেই হাড়হিম করা ভবিষ্যদ্বাণীর সঙ্গেই মিলে যাচ্ছে।
রিপারগারের মতে, অ্যান্টিক্রাইস্ট নিজেকে মানবতার ত্রাতা হিসেবে তুলে ধরবেন। তিনি হবেন অত্যন্ত আকর্ষণীয় এবং প্রভাবশালী এক ব্যক্তিত্ব, যাঁর সম্মোহনী ক্ষমতায় মানুষ সহজেই মুগ্ধ হবে। বাইবেলের ‘বুক অফ রিভিলেশন’-এ বর্ণিত ‘বিস্টের চিহ্ন’ (Mark of the Beast) প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভবিষ্যতে এমন এক অর্থনৈতিক ব্যবস্থা আসতে পারে যেখানে নির্দিষ্ট চিহ্ন বা প্রযুক্তি ছাড়া কেনাবেচা অসম্ভব হবে। আধুনিক ডিজিটাল মুদ্রা এবং কেন্দ্রীভূত অর্থনৈতিক নিয়ন্ত্রণ এই ব্যবস্থারই ভিত গড়ছে বলে তাঁর ধারণা। রিপারগার মনে করেন, নৈতিকতার চরম অবক্ষয়ের সুযোগ নিয়েই এই শক্তির উত্থান ঘটবে এবং তিনি শুধু রাজনীতির মাধ্যমে নয়, বরং বিশ্ব অর্থনীতির রাশ হাতে নিয়ে মানুষের ওপর আধিপত্য বিস্তার করবেন।