দুধ না কি বিষ! অন্ধ্রপ্রদেশে ভেজাল দুধ খেয়ে প্রাণ হারালেন ১৩ জন, হাড়হিম করা ঘটনায় ঘুম উড়েছে প্রশাসনের

অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় এক ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। ভেজাল দুধ পান করার ফলে বিষক্রিয়ায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। বর্তমানে আরও ৭ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। লালাচেরুভুর ও স্বরূপনগর এলাকায় এই মৃত্যুর মিছিল শুরু হতেই গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২২ ফেব্রুয়ারি প্রথম কয়েকজন প্রবীণ বাসিন্দা বমি ও তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে ঘটনার সূত্রপাত হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা অস্বাভাবিক বেশি, যা স্পষ্টতই মারাত্মক বিষক্রিয়ার ইঙ্গিত।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এলাকার একটি নির্দিষ্ট ডেইরি ফার্ম থেকেই আশপাশের ১০৬টি পরিবারে দুধ সরবরাহ করা হয়েছিল। প্রশাসনের নির্দেশে ওই ফার্মের কাজকর্ম আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গ্রামে চিকিৎসক, নার্স ও অ্যাম্বুলেন্স-সহ জরুরি স্বাস্থ্যশিবির খোলা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে একটি ‘র‍্যাপিড রেসপন্স টিম’ গঠন করেছে রাজ্য সরকার। এই টিমে মাইক্রোবায়োলজিস্ট, নেফ্রোলজিস্ট এবং ফরেনসিক বিশেষজ্ঞদের রাখা হয়েছে। তাঁরা ইতিমধ্যেই দুধ, পনির, ঘি ও পানীয় জলের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছেন। রিপোর্ট এলেই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Saheli Saha
  • Saheli Saha