চীন-পাকিস্তানকে টেক্কা দিতে ভারতের হাতে আসবে রাশিয়ার সবথেকে শক্তিশালী স্টিলথ ফাইটার? Su-57 নিয়ে মস্কোর মেগা অফার!

ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কে এবার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ভারত রাশিয়ার সবথেকে উন্নত পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট Su-57-এর একটি বিশেষ ‘টু-সিটার’ বা দুই আসনের সংস্করণের প্রস্তাব পেয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে দীর্ঘদিনের থমকে থাকা এফজিএফএ (FGFA) প্রজেক্ট ফের প্রাণ ফিরে পেতে পারে। রাশিয়ার এই প্রস্তাবে সবথেকে বড় চমক হলো—তারা ভারতকে সম্পূর্ণ ‘প্রযুক্তি হস্তান্তর’ (Transfer of Technology) এবং ভারতে এটি তৈরির লাইসেন্স দিতেও প্রস্তুত।

কেন এই দুই আসন বিশিষ্ট Su-57 ভারতের জন্য গুরুত্বপূর্ণ?
ভারতীয় বায়ুসেনা বরাবরই দুই সিটের যুদ্ধবিমান (যেমন Su-30MKI) পছন্দ করে। এই নতুন সংস্করণে একজন পাইলট বিমান ওড়ানোর কাজে মনোনিবেশ করবেন, অন্যজন ‘অস্ত্র সিস্টেম অফিসার’ হিসেবে ড্রোনের ঝাঁক নিয়ন্ত্রণ (Loyal Wingman) এবং ইলেকট্রনিক যুদ্ধে নেতৃত্ব দেবেন। এটি একটি ‘উড়ন্ত কমান্ড সেন্টার’ হিসেবে কাজ করবে, যা শত্রু অঞ্চলের গভীরে ঢুকে ড্রোনের মাধ্যমে নির্ভুল আঘাত হানতে সক্ষম। এছাড়া এটি শক্তিশালী ‘ইজডেলি ৩০’ ইঞ্জিনে সজ্জিত, যা আফটারবার্নার ছাড়াই সুপারসনিক গতি বা ‘সুপারক্রুজ’ ক্ষমতা প্রদান করে।

সবথেকে বড় সুবিধা হলো, ভারত এই বিমানে নিজস্ব ব্রহ্মোস বা অ্যাস্ট্রার মতো ক্ষেপণাস্ত্র অনায়াসেই যুক্ত করতে পারবে। যেখানে পশ্চিমী দেশগুলো প্রায়ই প্রযুক্তি হস্তান্তরে অনীহা দেখায় বা নিষেধাজ্ঞার হুমকি দেয়, সেখানে রাশিয়া সোর্স কোড শেয়ার করার প্রতিশ্রুতি দেওয়ায় ভারত নিজস্ব প্রয়োজন অনুযায়ী বিমানে বদল আনতে পারবে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর নাসিক কারখানায় ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে এই বিমান তৈরি হলে তা ভারতের বায়ুসেনাকে কয়েক গুণ শক্তিশালী করে তুলবে।

Saheli Saha
  • Saheli Saha