পচা মাংসের মরণফাঁদ! ৩ কুইন্টাল পচা-গলা মাংস বাজেয়াপ্ত, শহরের নামী দোকানে পুলিশের হানা

শহরের জনবহুল এলাকায় টাটকা মাংসের নামে রমরমিয়ে চলছিল পচা মাংসের কারবার। হায়দরাবাদের মঙ্গলহাট এলাকায় এক ভয়াবহ খাদ্য জালিয়াতির পর্দাফাঁস করল পুলিশ ও খাদ্য নিরাপত্তা দফতর। গত ১০ মার্চ ২০২৬ তারিখে গোলকোন্ডা টাস্ক ফোর্স এবং জিএইচএমসি (GHMC) যৌথভাবে ‘A to Z Sheep & Goat Offals’ নামক একটি দোকানে অতর্কিত হানা দেয়। সেখান থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০০ কেজি পচা-গলা ছাগল ও ভেড়ার মাংস। দীর্ঘদিনের জমে থাকা এই মাংস গ্রাহকদের অজান্তেই দিনের পর দিন বিক্রি করা হচ্ছিল।

তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত মহম্মদ আফরোজ বিভিন্ন রাজ্য থেকে অত্যন্ত সস্তায় এই সমস্ত মাংস কিনতেন। তারপর কোনো স্বাস্থ্যবিধি না মেনেই দীর্ঘ সময় ধরে ডিপ ফ্রিজার এবং প্লাস্টিকের টবে সেগুলো জমিয়ে রাখা হত। পচা গন্ধ ঢাকতে নেওয়া হয়েছিল বিশেষ কৌশল। সাধারণ মানুষের স্বাস্থ্যের তোয়াক্কা না করেই এই ‘বিষ’ টাটকা মাংস বলে বাজারে ছাড়া হচ্ছিল। পুলিশের মতে, এই ধরনের মাংস খেলে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। ধৃত মালিকের বিরুদ্ধে বিএনএস-এর ১২৫, ২৭১ এবং ৩১৮(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। খাদ্য নিরাপত্তা দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ও পরিচ্ছন্ন দোকান থেকে মাংস কেনার জন্য সতর্ক করা হয়েছে।

Saheli Saha
  • Saheli Saha