বড় চমক! ৮ দফার বদলে মাত্র ২ দফায় হতে পারে বাংলার ভোট? ১৬ মার্চই কি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা?

দীর্ঘদিনের জল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে বাংলায় বাজতে চলেছে বিধানসভা নির্বাচনের দামামা। নির্বাচন কমিশন সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরালা, অসম এবং পুদুচেরির নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তবে এবারের নির্বাচনে সবথেকে বড় চমক হতে পারে ভোটের দফার সংখ্যা। ২০২১ সালের ৮ দফার দীর্ঘ ভোটপ্রক্রিয়াকে সরিয়ে রেখে এবার সম্ভবত মাত্র ২ দফাতেই সম্পন্ন হতে পারে ছাব্বিশের এই হাইভোল্টেজ লড়াই।

নির্বাচন কমিশনের অন্দরমহল সূত্রে জানা যাচ্ছে, দফার সংখ্যা কমিয়ে আনার নেপথ্যে রয়েছে শক্তিশালি যুক্তি। আধিকারিকদের মতে, দফাওয়ারি ভোটের ব্যবধান বেশি থাকলে দুষ্কৃতীরা এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে অশান্তি পাকানোর সুযোগ পায়। ২ দফায় ভোট হলে সেই সুযোগ অনেকটাই কমে আসবে। সম্প্রতি কলকাতায় কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে শাসকদল তৃণমূল বাদে প্রায় সব বিরোধী দলই কম দফায় ভোটের পক্ষে সওয়াল করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ৬০ লক্ষ এসআইআর (SIR) আবেদনের জট কেটে যাওয়ায় ভোট ঘোষণায় এখন আর কোনো বাধা নেই। ১০ মার্চের শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া নির্দিষ্ট সময়েই এগোবে।

১৬ মার্চ ঘোষণা হলে এপ্রিলের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহেই প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতে পারে। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের বিষয়টি এখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সব মিলিয়ে, আদালতের সবুজ সংকেত এবং কমিশনের চূড়ান্ত প্রস্তুতি এখন বাংলার রাজনৈতিক পারদকে তুঙ্গে তুলে দিয়েছে।