রামকৃষ্ণ মিশনের ছাত্র আজ দেশের গর্ব! মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসে বাজিমাত অভিষেকের

পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনে স্কুলের পড়াশোনা, তারপর আইআইটি-র ডিগ্রি এবং একটি নামী স্টার্টআপে মোটা মাইনের চাকরি। কেরিয়ারের এমন মসৃণ পথ ছেড়ে এক লহমায় ঝুঁকি নিয়েছিলেন বিহারের হাজিপুরের অভিষেক। লক্ষ্য ছিল সিভিল সার্ভিস। আর সেই লক্ষ্য পূরণ হলো তাঁর দ্বিতীয় প্রচেষ্টাতেই। ২০২৫ সালের ইউপিএসসি (UPSC) পরীক্ষায় সারা ভারতে ১০২তম র্যাঙ্ক অর্জন করে চমকে দিয়েছেন তিনি।
অভিষেক জানান, বেঙ্গলুরুতে বহুজাতিক সংস্থায় কাজ করার সময় তিনি অনুভব করেছিলেন, আধুনিক প্রযুক্তির অনেক উদ্ভাবনই সমাজের একদম প্রান্তিক মানুষের কাছে পৌঁছায় না। সরাসরি মানুষের জন্য কাজ করার তাগিদ থেকেই তিনি সিভিল সার্ভিসের পথে পা বাড়ান। জেদ এমন ছিল যে, চাকরি ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসেন এবং শুরু করেন কঠোর প্রস্তুতি। শুধু পাঠ্যবই নয়, অনলাইনে পড়াশোনা এবং কোচিংয়ের সাহায্যে নিজেকে তৈরি করেছিলেন অভিষেক। সিভিল সার্ভিসে তাঁর ঐচ্ছিক বিষয় ছিল ‘জুলজি’।
অভিষেকের বাবা অভয় কুমার সিং হাজিপুরের আরএন কলেজের দর্শনের অধ্যাপক এবং মা সব সময় তাঁর পাশে ছায়ার মতো থেকেছেন। তবে মানুষের সেবা করার রক্ত তাঁর ধমনীতেই রয়েছে; তাঁর দাদু গয়া সিং প্রায় ২৫ বছর পঞ্চায়েত প্রধান হিসেবে কাজ করেছেন। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা জানান, সন্তানদের লক্ষ্য অর্জনের জন্য সঠিক পারিবারিক পরিবেশ দেওয়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অভিষেকের এই অসামান্য কৃতিত্বের জন্য বৈশালীর জেলাশাসক তাঁকে এবং তাঁর পরিবারকে বিশেষ সম্মান জানিয়েছেন।