রান্নার গ্যাসের আকাল! কালোবাজারে দ্বিগুণ দাম, গ্যাস না পেলে কোথায় ফোন করবেন? মুশকিল আসান করল কেন্দ্র

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে দেশে কি এলপিজি (LPG) সিলিন্ডারের হাহাকার শুরু হয়েছে? বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রান্নার গ্যাসের ঘাটতি এবং কালোবাজারির অভিযোগ আসছিল। অনেক জায়গায় বাণিজ্যিক সিলিন্ডার দ্বিগুণ দামে বিক্রি হওয়ার খবরও মিলেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করতে বড় পদক্ষেপ নিল ভারত সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ডোমেস্টিক বা গার্হস্থ্য গ্যাসের কোনো সংকট নেই। জনসাধারণের চাহিদা মেটানোই সরকারের প্রথম অগ্রাধিকার।
পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গ্রাহকরা বুকিং করার আড়াই দিনের মধ্যেই সিলিন্ডার হাতে পেয়ে যাবেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুকিংয়ের নিয়মে একটি সাময়িক বদল আনা হয়েছে। আগে ২১ দিন অন্তর সিলিন্ডার বুক করা যেত, এখন সেই ব্যবধান বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। অর্থাৎ, একবার গ্যাস পাওয়ার ২৫ দিন পর আপনি পরবর্তী বুকিং করতে পারবেন। সরকার স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সাধারণ মানুষের পকেটে যাতে টান না পড়ে, তার জন্য ভরতুকির বড় অংশ সরকার নিজেই বহন করছে।
যদি কোনো ডিলার গ্যাস দিতে অস্বীকার করেন বা কালোবাজারি করার চেষ্টা করেন, তবে আপনি সরাসরি অভিযোগ জানাতে পারেন। প্রতিটি কোম্পানির আলাদা হেল্পলাইন নম্বর রয়েছে:
ইন্ডেন (Indane): বুকিং বা অভিযোগের জন্য ফোন করুন ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে অথবা টোল-ফ্রি নম্বর ১৮০০২৩৩৩৫৫-এ।
এইচপি (HP): অভিযোগ জানাতে ডায়াল করুন ৯৪৯৩৬০২২২২ অথবা টোল-ফ্রি নম্বর ১৮০০২৩৩৩৫৫৫।
ভারত গ্যাস (Bharat Gas): যোগাযোগ করুন ৭৭১৫MDE১২৩৪৫ অথবা ১৮০০২২৪৩৪৪ নম্বরে।