তেলের পর এবার কি ইন্টারনেটও বন্ধ? হরমুজ প্রণালীতে যুদ্ধের আবহে ভারতের জন্য চরম বিপদ!

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যুদ্ধের দামামা যত জোরে বাজছে, ততই যেন ভারতের ওপর বিপদের মেঘ ঘনীভূত হচ্ছে। এতদিন হরমুজ প্রণালী বন্ধ হওয়ার খবরে শুধু জ্বালানি তেলের সংকটের কথাই শোনা যাচ্ছিল, কিন্তু এবার সামনে এল এক আরও ভয়াবহ তথ্য। সমুদ্রের অতলে লুকিয়ে থাকা এক অদৃশ্য ‘লাইফলাইন’ এখন বিপন্ন। জানা যাচ্ছে, এই প্রণালীর নিচ দিয়েই গিয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ সাবসি ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক। এই কেবলগুলোই এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে ইন্টারনেটের প্রধান সেতুবন্ধন।
ভারতের জন্য এই পরিস্থিতি কেন উদ্বেগের? আমাদের দেশের পশ্চিমমুখী ইন্টারনেট ট্রাফিকের প্রায় এক-তৃতীয়াংশ এই পথ দিয়েই যাতায়াত করে। কেবল সাধারণ ব্রাউজিং নয়, আন্তর্জাতিক ব্যাঙ্ক লেনদেন, ক্লাউড ডেটা আদান-প্রদান এবং বড় বড় আইটি সংস্থাগুলির পরিষেবা সরাসরি এই কেবলের ওপর নির্ভরশীল। যদিও এখনও পর্যন্ত কোনো পক্ষই এই কেবলগুলোকে টার্গেট করেনি, কিন্তু যুদ্ধের আবহে জাহাজের নোঙর থেকে শুরু করে ড্রোন হামলা বা জাহাজ ডুবির মতো ঘটনায় এই কেবলের গুরুতর ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল।
বিশেষজ্ঞদের মতে, এই সংকীর্ণ জলপথে কেবলের ঘনত্ব অনেক বেশি। একবার যদি এই ফাইবার কেবল ক্ষতিগ্রস্ত হয়, তবে তা মেরামত করা অত্যন্ত সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। বর্তমানে উত্তপ্ত পরিস্থিতির কারণে মেরামতকারী জাহাজগুলোও ওই এলাকায় যেতে ভয় পাচ্ছে। ফলে কোনোভাবে যদি এই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়, তবে ভারতে ইন্টারনেট পরিষেবা দীর্ঘ সময়ের জন্য পঙ্গু হয়ে যেতে পারে, যা ডিজিটাল অর্থনীতির ওপর বড়সড় ধাক্কা দেবে।