সিমেন্টের বদলে মাটি! সকালে তৈরি ড্রেন বিকেলেই ধূলিসাৎ, ঘাটালে ঠিকাদারের কীর্তি দেখে চক্ষু চড়কগাছ গ্রামবাসীদের

দীর্ঘদিনের প্রতীক্ষার পর ড্রেন তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো না ২৪ ঘণ্টাও। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের চন্দননগর গ্রামে সরকারি কাজে দুর্নীতির এক চূড়ান্ত নিদর্শন সামনে এল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড্রেন তৈরিতে সিমেন্টের বদলে দেদার ব্যবহার করা হয়েছে মাটি! ফলে আগের দিন বিকেলে যে ড্রেন নির্মাণের কাজ শেষ হয়েছিল, পরের দিন সকালেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
গ্রামবাসীদের অভিযোগ, কাজ চলাকালীনই তাঁরা নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু ঠিকাকর্মীরা সেই প্রতিবাদে কান না দিয়ে কাজ চালিয়ে যান। সকালে ড্রেন ভেঙে পড়ার পর ক্ষুব্ধ জনতা সেখানে গিয়ে দেখেন, সিমেন্টের আস্তরণ সরালেই ভিতর থেকে বেরিয়ে আসছে মাটি। পরিস্থিতি উত্তপ্ত হতেই কাজ ফেলে এলাকা ছেড়ে চম্পট দেন ঠিকাকর্মীরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বীরসিংহ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
ঘটনার গুরুত্ব বুঝে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায় দুর্নীতির বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, “আমি ওই ঠিকাকর্মীদের কাজ বন্ধ রাখতে বলেছি। মাটি মেশানো সম্পূর্ণ অংশটি ভেঙে পুনরায় নতুন করে তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।” অন্যদিকে, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর সাফ জানিয়েছেন, কাজের গুণমানের প্রশ্নে কোনো আপস করা হবে না। গ্রামবাসীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি ওই সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।