জি বাংলায় পা রাখতেই ভোলবদল ‘দীপা’র! নতুন ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকে স্বস্তিকার রহস্যময় পোস্ট, তোলপাড় টলিপাড়া

সাড়ে তিন বছরের দীর্ঘ সফর শেষ। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পর্দার ‘দীপা’ হিসেবে যে জনপ্রিয়তা স্বস্তিকা ঘোষ অর্জন করেছিলেন, তা টলিউডের ইতিহাসে বিরল। কিন্তু কয়েক মাস আগেই শেষ হয়েছে সেই মেগা। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কবে আবার তাঁদের প্রিয় অভিনেত্রীকে পর্দায় দেখা যাবে। অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সম্পূর্ণ নতুন রূপে ফিরছেন স্বস্তিকা। তবে এবার আর স্টার জলসা নয়, অভিনেত্রীকে দেখা যাবে প্রতিপক্ষ চ্যানেল জি বাংলার পর্দায়। গুঞ্জন ছিলই, এবার তাতে সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। ইনস্টাগ্রামে শুটিংয়ের সরঞ্জাম আর নতুন সেট-আপের ছবি দিয়ে স্বস্তিকা লিখেছেন, ‘নতুন সফর শুরু।’
আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্বস্তিকা নিশ্চিত করেন যে, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের প্রোমো শুটিং শুরু হয়েছে। নতুন এই প্রজেক্ট নিয়ে স্বস্তিকা বলেন, “নতুন সফর, নতুন চরিত্র, নতুন সহ-শিল্পী—সব মিলিয়ে কিছুটা নার্ভাস ঠিকই, তবে ভালো লাগাটাই বেশি। এত তাড়াতাড়ি কাজে ফিরতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। নিজের ১০০ শতাংশ দিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করব।” ধারাবাহিকের নাম বদল হবে কিনা জানতে চাইলে তিনি জানান, এখনও পর্যন্ত ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ নামেই প্রোমো শ্যুট হচ্ছে।
এই ধারাবাহিকের গল্প আবর্তিত হবে এক লড়াকু মা এবং তাঁর তিন মেয়েকে কেন্দ্র করে। অন্নপূর্ণা নামক এক মহিলা, যিনি পুত্র সন্তান জন্ম দিতে না পারায় স্বামীর ত্যাগ করা তিন মেয়েকে নিয়ে ভাতের হোটেল চালিয়ে জীবন সংগ্রাম চালান। মা অন্নপূর্ণার চরিত্রে থাকছেন বর্ষীয়ান অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। তাঁরই এক মেয়ের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। এই মেগার আরও এক বড় চমক হলো স্বস্তিকার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন ‘জগদ্ধাত্রী’ খ্যাত জনপ্রিয় অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়। সব মিলিয়ে জি বাংলায় এক টানটান পারিবারিক ড্রামা দেখার অপেক্ষায় দর্শকরা।