সিলিন্ডার বুকিংয়ে বিরাট বদল! ২১ দিনের নিয়ম আর নেই, কতদিন অন্তর মিলবে গ্যাস? বড় আপডেট দিলেন সুজাতা শর্মা

মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং দেশে এলপিজি (LPG) গ্যাস নিয়ে চলা গুজবের মাঝেই বড় পদক্ষেপ নিল মোদী সরকার। রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে এবং কালোবাজারি রুখতে সিলিন্ডার বুকিংয়ের নিয়মে আমূল পরিবর্তন আনা হয়েছে। এতদিন একটি সিলিন্ডার নেওয়ার পর দ্বিতীয়টি বুক করার জন্য ২১ দিনের যে বিরতি (Lock-in Period) ছিল, তা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।

সুজাতা শর্মার অভয়বাণী: ‘আতঙ্কিত হবেন না’
পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা এক আন্তঃমন্ত্রণালয় ব্রিফিংয়ে স্পষ্ট জানিয়েছেন, দেশে রান্নার গ্যাসের কোনো প্রকৃত অভাব নেই। সাধারণ মানুষের মধ্যে ভুল তথ্যের কারণে ‘প্যানিক বুকিং’ শুরু হয়েছে, যা সামাল দিতেই এই নতুন নিয়ম। তিনি আশ্বাস দিয়েছেন, “বুকিং করার পর বর্তমানে গড়ে মাত্র ২.৫ দিনের মধ্যেই সিলিন্ডার ডেলিভারি দেওয়া হচ্ছে। তাই অহেতুক তাড়াহুড়ো করে বুকিং করার প্রয়োজন নেই।”

কেন বাড়ল বুকিংয়ের সময়সীমা?
সরকারি তথ্য অনুযায়ী, দেখা যাচ্ছিল অনেক গ্রাহক ১৫ দিন অন্তরই নতুন সিলিন্ডার বুক করার চেষ্টা করছিলেন, যা মজুতদারির সমান। সাধারণ একটি পরিবারে যেখানে একটি সিলিন্ডার ৫০-৫৫ দিন চলে, সেখানে বারবার বুকিংয়ের ফলে কৃত্রিম সংকট তৈরি হচ্ছিল। তাই ২১ দিনের গ্যাপ বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে যাতে প্রকৃত প্রয়োজনে সবাই গ্যাস পান।

সরকারের মাস্টারস্ট্রোক: উৎপাদন ২৫% বৃদ্ধি
সুজাতা শর্মা আরও জানান, ৮ই মার্চ সরকারের এক বিশেষ নির্দেশের পর দেশীয় রিফাইনারিগুলোতে এলপিজি উৎপাদন প্রায় ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। পেট্রোকেমিক্যাল প্ল্যান্টগুলো থেকে প্রোপেন ও বিউটেন গ্যাস এখন সরাসরি রান্নার গ্যাসের জোগানে ব্যবহার করা হচ্ছে। এছাড়া ইজরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে আসা সরবরাহ ব্যাহত হওয়ায় আমেরিকা, কানাডা ও নরওয়ের মতো দেশ থেকে বিকল্প পথে গ্যাস আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।

এখন থেকে গ্রাহকদের নিরাপত্তার জন্য ওটিপি (OTP) ভিত্তিক ডেলিভারি প্রথা আরও কড়াকড়ি করা হচ্ছে। ৯৩ শতাংশ গ্রাহককে এই ‘ডেলিভারি অথেন্টিকেশন কোড’ (DAC) ব্যবস্থার আওতায় আনা হচ্ছে যাতে সিলিন্ডার চুরি বা পাচার বন্ধ হয়।

Saheli Saha
  • Saheli Saha