পিচ নয়, ভারতের জয় এসেছে যোগ্যতায়! পাকিস্তানিদের কড়া ভাষায় ধুয়ে দিলেন গম্ভীর

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকেই ভারতীয় দলের পিচ নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেছে পাকিস্তান। অভিযোগ তোলা হচ্ছে, ভারত নিজেদের সুবিধামতো পিচ বানিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এই সমস্ত সমালোচনাকে স্রেফ মাঠের বাইরে পাঠিয়ে দিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। সাফ জানিয়ে দিলেন, যারা বিতর্ক তৈরি করে টিআরপি বাড়াতে চায়, তাদের পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই।

আইসিসি-র হাতেই নিয়ন্ত্রণ
গম্ভীর স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিশ্বকাপের মতো আইসিসি ইভেন্টে উইকেট কেমন হবে, তার পুরো নিয়ন্ত্রণ থাকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ওপর। এখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কোনো ভূমিকা থাকে না। গম্ভীর প্রশ্ন তোলেন, “কেন পরিকল্পনামাফিক উইকেটের কথা বলা হচ্ছে জানি না। অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মাটিতেও তো ভারত বড় রান তুলেছে। তখন তো কেউ কিছু বলে না!”

ব্যাটারদের কৃতিত্ব দিন
গম্ভীরের মতে, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ব্যাটারদের খেলা। দর্শকরা মাঠে আসেন বড় রান দেখতে, ১২০ রানের ম্যাড়মেড়ে ম্যাচ দেখতে নয়। কলম্বোর কঠিন টার্নিং পিচে ভারতের ১৭৫ রান তোলার উদাহরণ টেনে তিনি বলেন, “সেখানে অন্য দলগুলো ১৪০ তুলতেও হিমশিম খাচ্ছিল। বিদেশের মাটিতেও ভারতীয় ব্যাটাররা ২০০ রান করছে। তাই শুধু পিচকে দোষ না দিয়ে ক্রিকেটারদেরও কৃতিত্ব দেওয়া উচিত।”

সূর্যর প্রশংসায় গম্ভীর
অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন কোচ। গম্ভীরের কথায়, “সূর্য দুর্দান্ত অধিনায়ক। ও সতীর্থদের যেভাবে সামলায়, তাতে আমার কাজটা সহজ হয়ে গিয়েছে। কেকেআরে খেলার সময় থেকেই ওর মানসিকতা আমি জানি।” পরিসংখ্যানও গম্ভীরের কথাকেই সমর্থন করছে। সূর্যর নেতৃত্বে ভারত ৫২টি ম্যাচের মধ্যে ৪২টিতেই জয় ছিনিয়ে নিয়েছে।

Saheli Saha
  • Saheli Saha