“উপস্থিত মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার”-রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আরএন রবি

জল্পনার অবসান ঘটিয়ে বাংলার নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রাক্তন আইপিএস (IPS) অফিসার রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার রাজভবনে (লোকভবন) এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। ভোটমুখী বাংলার আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রেক্ষাপটে আর এন রবির নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
শপথ মঞ্চে সৌজন্যের ছবি: শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথের পর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে হাসি মুখে সৌজন্য বিনিময় ও নমস্কার আদান-প্রদান লক্ষ্য করা গিয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি। বিশেষ ভাবে নজর কেড়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর উপস্থিতি।
কে এই আর এন রবি? ১৯৭৬ ব্যাচের কেরালা ক্যাডারের এই দুঁদে আইপিএস অফিসার দীর্ঘকাল সিবিআই (CBI) ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় (IB) অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তাঁর প্রশাসনিক ও গোয়েন্দা অভিজ্ঞতা প্রশ্নাতীত। তবে রাজ্যপাল হিসেবে তিনি বেশি চর্চিত হয়েছেন তামিলনাড়ুতে থাকাকালীন।
সংঘাতের ইতিহাস ও চ্যালেঞ্জ: ২০২১ থেকে তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সরকারের সঙ্গে তাঁর সংঘাত চরমে উঠেছিল। বিল আটকে রাখা থেকে শুরু করে প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগে সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়িয়েছিল। এমনকি স্ট্যালিন তাঁকে বরখাস্ত করার জন্য রাষ্ট্রপতির কাছে আর্জিও জানিয়েছিলেন। এর আগে তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
তামিলনাড়ুর সেই ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ইমেজ সরিয়ে রেখে বাংলায় নবান্নের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা মধুর হয়, নাকি ফের রাজভবন-নবান্ন সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়—এখন সেটাই দেখার।