এপ্রিলের শেষেই শুরু দ্বাদশের ক্লাস! উচ্চ মাধ্যমিক শেষ হতেই স্কুলগুলিকে কড়া নির্দেশিকা সংসদের

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটতে না মিটতেই আগামী শিক্ষাবর্ষের তোড়জোড় শুরু করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। সংসদের পক্ষ থেকে প্রকাশিত সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহের মধ্যেই দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করে দিতে হবে স্কুলগুলিকে। একইসঙ্গে একাদশ শ্রেণির সেমিস্টার পরীক্ষা এবং উত্তরপত্র চ্যালেঞ্জ করার বিষয়েও একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন সংসদ সভাপতি পার্থ কর্মকার।

সংসদ জানিয়েছে, যেসব পড়ুয়া অসুস্থতা বা অন্য কোনও সঙ্গত কারণে একাদশের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিতে পারেনি, তাদের আরও একটি সুযোগ দেওয়া হবে। স্কুলগুলিকে নিজস্ব দায়িত্বে আগামী ১১ই এপ্রিলের মধ্যে সেই পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ১৬ই এপ্রিলের মধ্যে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সমস্ত তথ্য সংসদের পোর্টালে নথিভুক্ত করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। যাতে দ্রুত দ্বাদশের পঠনপাঠন শুরু করা যায়।

পাশাপাশি, আজ অর্থাৎ ১২ মার্চ ২০২৬ রাত ১২টা থেকে সংসদের অনলাইন পোর্টালে তৃতীয় সেমিস্টারের ‘অ্যানসার কি’ (Answer Key) প্রকাশ করা হচ্ছে। ১৬ই মার্চ রাত ১১:৫৯ পর্যন্ত পড়ুয়ারা উত্তরগুলি যাচাই করতে পারবে। কোনও উত্তর ভুল মনে হলে পড়ুয়ারা তা চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। চ্যালেঞ্জ করার জন্য প্রতি উত্তরের জন্য ২০০ টাকা ফি দিতে হবে। তবে সংসদ সভাপতি আশ্বস্ত করেছেন যে, যদি পড়ুয়ার করা চ্যালেঞ্জ সঠিক প্রমাণিত হয় এবং উত্তরে সত্যিই ভুল থাকে, তবে ওই টাকা পড়ুয়াকে ফেরত দিয়ে দেওয়া হবে।