সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েই রণমূর্তি ট্রাম্পের! ভারত-সহ ১৬ দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমেরিকার?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দমে যাওয়ার পাত্র নন, তা তিনি আবারও প্রমাণ করে দিলেন। দেশের শীর্ষ আদালতে বড়সড় ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা চাল চাললেন হোয়াইট হাউসের অধিপতি। এবার ভারত, চীন এবং বাংলাদেশ-সহ বিশ্বের ১৬টি প্রভাবশালী বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক মহলের ধারণা, আদালত যে শুল্ক নীতি বাতিল করেছে, সেই লোকসান উসুল করতেই এই ‘তদন্ত’-এর নামে নতুন করে করের বোঝা চাপানোর ছক কষছেন তিনি।
গত ২০ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের চাপানো অতিরিক্ত আমদানি শুল্ক বা ‘ট্যারিফ’-কে বেআইনি ঘোষণা করে সাফ জানায়, প্রেসিডেন্ট নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। এর ফলে প্রায় ১৩.৩৫ হাজার কোটি ডলারের রাজস্ব অনিশ্চিত হয়ে পড়েছে এবং হাজারেরও বেশি সংস্থা তাদের দেওয়া টাকা ফেরতের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প ঘোষণা করেছেন ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারায় এই ১৬টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু হবে। তাঁর অভিযোগ, এই দেশগুলোর বাণিজ্য নীতি ‘অন্যায্য’। এই তালিকায় ভারত, চীন ছাড়াও রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের নাম। তবে রহস্যজনকভাবে ছাড় পেয়েছে কানাডা।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসন আসলে শুল্ক যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বিকল্প রাস্তা খুঁজছে। এর আগে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতেও এই একই তদন্ত পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। যদিও ট্রাম্প ১০ শতাংশ আন্তর্জাতিক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন, তবে মার্কিন আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া তা ১৫০ দিনের বেশি স্থায়ী হবে না। তবুও ট্রাম্পের এই কড়া অবস্থানে ঘুম উড়েছে বিশ্ববাজারের। ভারত ও বাংলাদেশের রফতানি বাণিজ্যে এর প্রভাব কতটা পড়বে, এখন সেটাই দেখার।