হাজারের দোরগোড়ায় এলপিজি! যুদ্ধের আবহে হু হু করে বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দামও, কী পদক্ষেপ নবান্নের?

পশ্চিম এশিয়ায় ঘনীভূত হওয়া যুদ্ধের লেলিহান শিখা এবার সরাসরি মধ্যবিত্তের হেঁশেলে আঘাত করল। ইরান বনাম ইজরায়েল-আমেরিকা সংঘাতের জেরে বিশ্ববাজারে অস্থিরতার দোহাই দিয়ে দেশজুড়ে বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। কলকাতায় ঘরোয়া ১৪.২ কেজির সিলিন্ডারের দাম একলাফে ৬০ টাকা বাড়ানো হয়েছে। ফলে তিলোত্তমায় এখন একটি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৯৩৯ টাকা। তবে শুধু ঘরোয়া গ্যাসই নয়, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় ১১৪ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে, যার ফলে নতুন দাম হয়েছে ১ হাজার ৯৯০ টাকা। এই মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ থেকে শুরু করে সাধারণ মানুষের পকেটে বড়সড় টান পড়তে চলেছে।
রাজ্যে গ্যাসের এই তীব্র সঙ্কট এবং লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন গ্যাস ডিলার, ডিস্ট্রিবিউটার এবং বিভিন্ন তেল বিপণনকারী সংস্থার পদস্থ কর্তারা। মুখ্যমন্ত্রী তাঁদের কাছ থেকে রাজ্যে এলপিজি, পেট্রোল এবং ডিজেলের বর্তমান মজুত ভাণ্ডার ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খুঁটিনাটি জানতে চান। কোনওভাবেই যাতে সরবরাহে ঘাটতি না হয়, তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার শিল্পসচিবকে ‘নোডাল অফিসার’ হিসেবে নিয়োগ করেছে। তাঁর নেতৃত্বেই একটি বিশেষ নজরদারি দল কাজ করবে, যারা প্রতিদিনের সরবরাহ ও কালোবাজারির ওপর নজর রাখবে। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে রাজ্যে যাতে তার প্রভাব সাধারণ মানুষের ওপর কম পড়ে, তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্র সরকারের নীতি ও বিশ্ব পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।