৬০ শতাংশে পৌঁছাতে পারে ডিএ! কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় উপহারের প্রস্তুতি মোদী সরকারের!

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে ফের একবার মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার। সাম্প্রতিক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-IW) এবং মুদ্রাস্ফীতির পরিসংখ্যান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শীঘ্রই মহার্ঘ ভাতার হার আরও বাড়তে চলেছে। বর্তমান হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় কর্মীদের ডিএ-র হার আরও ২ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রায় ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। নতুন হিসাব এবং শ্রম মন্ত্রকের পেশ করা CPI-IW ইনডেক্স অনুযায়ী, এই সূচক বর্তমানে ১৪৮.৬ পয়েন্টে পৌঁছেছে। যদি সরকার ২ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর দেয়, তবে মোট ডিএ-র পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় ৬০ শতাংশে। বছরে দু’বার—জানুয়ারি ও জুলাই মাসে এই ডিএ সংশোধন করা হয়। ১২ মাসের গড় সূচক বিশ্লেষণ করেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়ে থাকে।

এই বৃদ্ধি কার্যকর হলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মাসিক আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে এই বাড়তি টাকা সাধারণ মধ্যবিত্ত কর্মীদের বড়সড় স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে। সাধারণত বড় উৎসবের ঠিক আগেই কেন্দ্রীয় ক্যাবিনেট এই ধরণের ঘোষণা করে থাকে। তাই কর্মচারীদের আশা, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সরকার এই ঘোষণা করে দেবে। ডিএ-র এই সংশোধন সরাসরি সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে খুশির জোয়ার নিয়ে আসবে।

Saheli Saha
  • Saheli Saha