গ্যাস নিয়ে আর চিন্তা নেই! সিলিন্ডার বুকিংয়ে নয়া নিয়ম কেন্দ্রের, জেনে নিন নতুন সময়সীমা!

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলেও ভারতীয় গ্রাহকদের আশ্বস্ত করল মোদী সরকার। রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডার নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া আতঙ্কের আবহে স্পষ্ট বার্তা দিল কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশে গ্যাসের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অযথা আতঙ্কিত হয়ে আগেভাগে গ্যাস বুকিং না করার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছে মন্ত্রক।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে গ্যাস বুকিং করার ২ থেকে ৩ দিনের মধ্যেই সিলিন্ডার ডেলিভারি দেওয়া হচ্ছে। তবে ভয়ের কারণে বহু মানুষ প্রয়োজন ছাড়াই অতিরিক্ত বুকিং করছেন, যার ফলে সরবরাহ ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। এই কৃত্রিম ঘাটতি এবং কালোবাজারি রুখতে সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড় বদল এনেছে সরকার। এখন থেকে একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী রিফিল বুক করার জন্য কমপক্ষে ২৫ দিন অপেক্ষা করতে হবে। আগে এই সময়সীমা ছিল ২১ দিন। অর্থাৎ, ২৫ দিনের ব্যবধান না থাকলে নতুন করে বুকিং নেওয়া হবে না।

ভারত তার এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশ বিদেশ থেকে আমদানি করলেও, বর্তমান পরিস্থিতি সামাল দিতে দেশীয় উৎপাদন একধাক্কায় ২৫ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিকল্প রুট ব্যবহার এবং রিফাইনারিগুলিতে উৎপাদন বাড়ানোর মাধ্যমে জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করছে সরকার। এক কথায়, আন্তর্জাতিক স্তরে যুদ্ধের দামামা বাজলেও দেশের হেঁশেলে তার প্রভাব পড়তে দেবে না কেন্দ্র। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Saheli Saha
  • Saheli Saha